মেয়ের বিয়ের জন্য জমানো স্বর্ণালংকার নিয়ে স্বামী উধাও!

পটিয়ায় স্ত্রীর অভিযোগ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

পটিয়ায় মেয়ের বিয়ের জন্য দীর্ঘদিন ধরে জমানো টাকা দিয়ে কেনা স্বর্ণালংকার নিয়ে স্বামীর উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন মেয়েকে নিয়ে চরম বিপাকে পড়েছেন স্ত্রী জেসমিন আক্তার।

জেসমিন আক্তারের অভিযোগ, গত ১ নভেম্বর সকাল ১০টার দিকে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খীল এলাকার একটি ভাড়াবাসা থেকে তার স্বামী জসীম উদ্দিন নিখোঁজ হন। পরে বুধবার সন্ধ্যায় স্বর্ণ রাখার ড্রাম খুলে তিনি দেখতে পান, সেখানে কোনো স্বর্ণালংকার নেই। তার অভিযোগ, স্বামীই সেগুলো নিয়ে গেছেন। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

জানা যায়, জেসমিন আক্তারের স্বামীর বাড়ি নোয়াখালী জেলার দক্ষিণ হাতিয়ার সাগরিয়া বাজার এলাকায়। তারা প্রায় চার মাস ধরে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খীল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। স্বামী জসীম উদ্দিন ও তিন মেয়েকে নিয়ে সেখানে থাকেন জেসমিন। সংসার চালাতে তিনি একটি মুড়ির কারখানায় কাজ করেন। অন্যদিকে তার স্বামী জসীম একটি চায়ের দোকানে কারিগর হিসেবে কাজ করেন।

জেসমিন আক্তার বলেন, মেয়েদের বিয়ের জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়েছি। একটি মুড়ির কারখানায় কাজ করে যা আয় করি, তা থেকে সংসারের খরচ চালানোর পাশাপাশি কিছু টাকা সঞ্চয় করতাম। সেই জমানো টাকা দিয়েই স্বর্ণালংকারগুলো কিনেছিলাম। বিশেষ করে মেয়ে শারমিন আক্তারের বিয়ের জন্য সেগুলো রেখে দিয়েছিলাম। তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী নেশায় আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই তাকে ও মেয়েদের মারধর করতেন। এর আগেও বিভিন্ন সময় বাড়ি থেকে চলে যেতেন জসীম। তবে এবার স্বর্ণালংকারগুলো নিয়ে গেছেন বলে তার অভিযোগ।

জেসমিনের মেয়ে শারমিন আক্তার একটি পোশাক কারখানায় চাকরি করেন। মেয়ের ভবিষ্যৎ ও বিয়ের কথা চিন্তা করেই স্বর্ণালংকারগুলো জমিয়ে রেখেছিলেন জেসমিন। কিন্তু সেগুলো হারিয়ে এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি। জেসমিন আক্তার প্রশাসনের কাছে স্বর্ণালংকারগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তার স্বামীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় এখনো কারও পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধভবনের আন্ডারগ্রাউন্ডে কাপড়ের রোলের দোকান, মার্কেটের ফ্লোরে গুদাম
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার