কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে

অধিকাংশ কারখানায় যথাসময়ে উৎপাদন কাজও শুরু

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৪:৫২ পূর্বাহ্ণ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, অযৌক্তিক ব্ল্যাকলিস্টিং বন্ধ, বেআইনি ছাঁটাই বন্ধসহ গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবিতে টানা কয়েকদিনের বিক্ষোভ শেষে কাজে ফিরেছেন সাভার–আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা। এতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই কারখানা প্রাঙ্গণগুলোতে ফিরে এসেছে চেনা কর্মচাঞ্চল্য।

বৃহস্পতিবার ভোর থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নির্দিষ্ট সময়ে শান্ত ও স্বাভাবিক পরিবেশে সারিবদ্ধভাবে কারখানাগুলোতে প্রবেশ করছেন হাজার হাজার পোশাক শ্রমিক। অধিকাংশ কারখানায় যথাসময়ে উৎপাদন কাজও শুরু হয়েছে। তবে কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবিসহ অন্যান্য আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কারখানার উৎপাদন অব্যাহত রাখার স্বার্থেই এই ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। খবর বিডিনিউজের।

মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরেই ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে আন্দোলন করছিলেন পোশাক শ্রমিকরা। তারা মহাসড়ক অবরোধ, কর্মবিরতিসহ নানাভাবে বিক্ষোভ করেছেন। আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্নস্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং বাস–ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শ্রমিক আন্দোলনের কারণে অনেক কারখানায় ছুটি দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সংঘাতের মধ্যেই সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। তাতেও শ্রমিকদের বিক্ষোভ কমেনি।

বুধবার মজুরি বোর্ডের প্রথম বৈঠকের পর ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। তারপর থেকে শ্রমিক অসন্তোষ কমে আসে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বৃহস্পতিবার বলেন, আশুলিয়া এলাকায় সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে কারখানা থেকে বেরিয়ে যান। কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শিল্প পুলিশ–১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার, আশুলিয়া শিল্পাঞ্চলের সব এলাকায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে যে কোনো শ্রমিক অসন্তোষ ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে মাঠে রয়েছে।

শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন কাজের পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের শঙ্কা দূর করতে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০ : সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের আন্দোলনে উসকানির অভিযোগে এখন পর্যন্ত আটটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় এ পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সাভারের আল–মুসলিম গ্রুপের কারখানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

তিনি বলেন, শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও আন্দোলনে উসকানির অভিযোগে সাভার মডেল থানায় দুটি এবং আশুলিয়া থানায় ছয়টিসহ মোট আটটি মামলা হয়েছে। এ ছাড়া বেশ কিছু মামলা প্রক্রিয়াধীন। পুলিশ সুপার বলেন, এসব মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। খবর বিডিনিউজের।

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েনসহ সার্বিক নজরদারি জোরদার করার কথা বলেছেন শামীমা পারভীন। নতুন করে শ্রমিক বিক্ষোভ নিয়ে জানতে চাইলে ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, আজকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, আমি গাজীপুর গিয়েছি, নারায়ণগঞ্জ গিয়েছি সব জায়গায় নিরাপদ পরিবেশে ফ্যাক্টরি চলছে। এ ছাড়া আশুলিয়া, সাভার, ধামরাইসহ সব জায়গায় নিরাপদ পরিবেশে শ্রমিকরা কাজ করছেন। শুধু আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের আশপাশের গুটি কয়েক ফ্যাক্টরি ছুটি দিয়ে দিয়েছে। শ্রমিকরা নিরাপদে বাড়ি চলে গেছেন।

আন্দোলনে সহিংসতার সঙ্গে জড়িতরা শ্রমিক না দাবি করে ডিআইজি মুস্তাফিজুর বলেন, আমরা এ পর্যন্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরে যাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছি, তারা কেউ শ্রমিক না, তারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্যই এসেছে। তারা নৈরাজ্যকারী গ্রুপ, ফ্যাসিস্ট গ্রুপ, এই সমাজের অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ধ্বংস করতে চাচ্ছে। আমরা কঠোর হস্তে আইনের প্রয়োগ করে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধ১০০ জনের ব্যাংক হিসাব জব্দ, ১২৫ প্রতিষ্ঠানের তথ্য তলব
পরবর্তী নিবন্ধনতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী