টাকা ছিনতাই করতে না পেরে মো.আসলাম (৩০) নামে এক বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ২টার দিকে নগরীর কাঠগড় মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসলাম ডবলমুরিং থানাধীন দয়াপাড়ার সোবহান মিস্ত্রির বাড়ির মো. শফির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, কাঠগড় মাইজপাড়া এলাকায় ছিনতাইকরীর কবলে পড়ে আসলাম নামে এক দোকানদার। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আসলামের বন্ধু মো. ইয়াকুব বলেন, ছিনতাইকারীরা মোটরসাইকেলে চড়ে গতিরোধ করে আসলামের। একজন পেছনের পকেট থেকে ছুরি বের করে ভয় দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিতে চায়। তখন আসলামের সাথে ধস্তাধস্তি হয় ছিনতাইকারীদের। মোবাইল ও টাকা না পেয়ে তার দুই হাতে জখম করে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।













