জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনী ও কর্মশালা ‘দি আর্ট রিভাইভাল’। কাহাল গ্যালারি জাপানের তত্ত্বাবধানে আয়োজিত এ আয়োজনে দেশের স্বনামধন্য ৩৪ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করছেন। খবর বাংলানিউজের।
গতকাল বেলা ১১টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চিটাগং–এর পরিচালক ব্রুনো ল্যাক্রাম্পে। এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর কে এম কাইয়ুম এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রসমালোচক ও অনুবাদক আলম খোরশেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পীরা তাদের সৃজনশীল সৃষ্টির মাধ্যমে চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা এবং কল্পনার এক অনন্য মেলবন্ধন ঘটান। শিল্পচর্চা মূলত নিজেকে আবিষ্কারের একটি মাধ্যম, যা দৃশ্যমান রূপে সমাজে প্রতিফলিত হয়। সৃজনশীলতা কেবল নতুন কিছু সৃষ্টি নয়; এটি হতে হবে অর্থবহ ও অভিব্যক্তিপূর্ণ। শিল্পীর তুলিতে ফুটে ওঠা স্মৃতি, সামাজিক বাস্তবতা কিংবা বিমূর্ত অনুভূতি অনেক সময় বাস্তবতার সীমাকেও অতিক্রম করে।














