২৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মোমিনুল-শান্ত

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে টেস্টে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার মোমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।

গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তানের বোলারদের হতাশায় ডুবিয়ে ২৫৭ বল খেলে ১৭০ রানের জুটি গড়েন মোমিনুল ও শান্ত। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডের মালিক হন মোমিনুল ও শান্ত। এতদিন পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড দখলে ছিল দুই সাবেক ব্যাটার জাভেদ ওমর ও মোহাম্মদ আশরাফুলের। ২০০৩ সালে পেশোয়ার টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বাঁধেন জাভেদআশরাফুল। তৃতীয় উইকেটে ১৩০ রান যোগ করেন দু’জনে। জাভেদ ১১৯ ও আশরাফুল ৭৭ রানে আউট হন। ম্যাচটি ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্টে যেকোন উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান৩১২। ২০১৫ সালে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ৩১২ রান করেছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ইনিংসে তামিম ২০৬ ও ইমরুল ১৫০ রানের ইনিংস খেলেন। তামিমইমরুলের রেকর্ড জুটিতে প্রথম ইনিংসে ২৯৬ রানে পিছিয়ে থেকেও টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। সব মিলিয়ে তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ২৪২ রানের। ২০২১ সালে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে তৃতীয় উইকেটে ২৪২ রান যোগ করেছিলেন মোমিনুল ও শান্ত। ইনিংসে শান্ত ১৬৩ ও মোমিনুল ১২৭ রান করেন। টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়।

পূর্ববর্তী নিবন্ধএপ্রিল সেরার দৌড়ে বাংলাদেশের রানা
পরবর্তী নিবন্ধদ্রুততম বালক জাওয়াত ও বালিকা প্রেমা