এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু করতে চায় শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ জন্য কমিটির তরফে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ, খাতা পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া পরীক্ষার্থীদের ১২ ও ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দেওয়া এবং ভর্তি প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে কমিটির তরফে। শুরুতে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু এবং ভর্তি শেষে ১২ নভেম্বর ক্লাস শুরুর প্রস্তাব করে একাদশে ভর্তির খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে সময় বাঁচাতে এ প্রক্রিয়া কিছুটা এগিয়ে আনতে পরামর্শ দেয় শিক্ষা মন্ত্রণালয়। সেই অনুযায়ী নতুন সূচি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি গতকাল বৃহস্পতিবার বলেন, নতুন সূচি অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর প্রথম ধাপের আবেদন গ্রহণের প্রস্তাব করা হয়েছে। ১০ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। প্রথম ধাপে আবেদন করা পরীক্ষার্থী ভর্তির জন্য নির্বাচনের পর ১২ ও ১৩ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া পরীক্ষার্থীদের দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দেওয়া হবে। আর নির্বাচিত শিক্ষার্থীদের ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজে ভর্তি এবং ২৩ সেপ্টেম্বর থেকে একাদশের ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে খসড়া নীতিমালায়।












