হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশ নারী ইমার্জিং দলের

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ইমার্জিং দল। গতকাল সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে ৮ উইকেটে হারের লজ্জা পায় বাংলাদেশ। পিটারমারিজবার্গে প্রথমে ব্যাট করে ওপেনার সাথী রানির হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ। দলের হয়ে ৫৬ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন সাথী। এছাড়া মিষ্টি সাহা ৩৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার মিয়ানি স্মিতলুয়ান্ডা এনজুজাওয়াইনগার্ড ও আলেক্সজান্দ্রা ক্যান্ডলার ১টি করে উইকেট নেন। জবাবে ২ রান তুলতেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার ইয়াসমিন খানকে ব্যক্তিগত ১ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার ফাতেমা জাহান। এরপর দ্বিতীয় উইকেটে ১০০ বলে ১৪৬ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করে দেন ওপেনার ক্যান্ডলার ও ফে টুনিক্লিফ। ৪৯ বলে ৮২ রান তুলে বাংলাদেশ পেসার হাবিবা ইসলাম পিংকির শিকার হন টুনিক্লিফ। অন্যপ্রান্তে ক্যান্ডলার ৬৫ ও স্মিত ৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ফাতেমা ৩৩ রানে ও পিংকি ২৭ রানে ১টি করে উইকেট নেন। আগামী ৯ আগস্ট ডারবানে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দু’দল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২০ ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ নারী ইমার্জিং দল।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব
পরবর্তী নিবন্ধএ সেঞ্চুরি টেস্ট সিরিজে আত্মবিশ্বাস দিবে: মিরাজ