হাটহাজারীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মো.আলমগীর নামের এক মাদকাসক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গত শনিবার পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন ।
জানা যায়, হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়াননগর এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় মাদকসেবনরত অবস্থায় আলমগীরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদকের মূল বিক্রেতা পৌরসভার আলীপুর এলাকার জাহাঙ্গীরের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং থানা পুলিশকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়।
এ সময় এলাকাবাসীসহ সবাইকে সচেতন করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলতে অনুরোধ করা হয়। অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন।
মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন জানান, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে পৃথক অভিযানে পৌরসদরের কাচারি সড়কে ফুটপাত দখল করে মালামাল রাখা ও মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করার অপরাধে মো.তারেক নামের এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে ।











