চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে মামলার শুনানিতে এসে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনার ২২ দিন পর এক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম জয়নাল আবেদীন সোহেল (৩৮)।
গত রোববার গোপন খবরের ভিত্তিতে কোতোয়ালী থানার উপ–পরিদর্শক জোবায়ের পাঁচলাইশ থানাধীন হাদুমাঝি পাড়া এলাকায় বিলের মাঝখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আসামি বিলের মাঝখানে আশ্রয় নেয়।
পুলিশ জানিয়েছে, তিনি মামলাটির চার নম্বর এজাহারভুক্ত আসামি। সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর দুপুর সোয়া দুইটার দিকে মামলার বাদী মো. নুরুল কবির (৪১) একটি মামলার শুনানিতে অংশ নিতে চট্টগ্রাম আদালতে যান। এ সময় জয়নাল আবেদীন সোহেলসহ মামলার অন্য আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি আহত হন। এ ঘটনায় নুরুল কবির ৭ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করা হয়। ছুরিকাঘাতে আহত নুরুল কবির পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া এলাকার বাসিন্দা ও কেব্ল অপারেটর ব্যবসায়ী। ২০২৪ ও ২০২৬ সালে নুরুল কবির ও তার স্ত্রী রুনা আক্তার স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা ও মারধরের অভিযোগে পাঁচলাইশ থানায় পৃথক তিনটি মামলা করেন। এসব মামলা নিয়ে দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জুবাইদুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীন সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হয়েছে।











