হাটহাজারীতে ঝুকিপূর্ণভাবে বিল্ডিং নির্মাণের অপরাধে মোহাম্মদ এমরান নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। গত রবিবার রাতে হাটহাজারী পৌরসভার প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু.আবদুল্লাহ আল মুমিন এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযান সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে উল্লেখিত স্থানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ঝুঁকিপূর্ণভাবে বিল্ডিং নির্মাণ, রাস্তার জায়গায় আইন অমান্য করে নির্মাণ সামগ্রী রাখা ও অনুমোদিত নকশা ব্যত্যয় করার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও দণ্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে হাটহাজারী পৌরসভাস্থ ফটিকা গ্রামের নুরুর ছাপার পুত্র মোহাম্মদ এমরান কে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু.আবদুল্লাহ আল মুমিন অভিযানের সত্যতা স্বীকার করে জানান, পৌরসভা নির্বাহী প্রকৌশলীকে ওই ভবনের নকশা বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।












