রাঙামাটির রাজস্থলী উপজেলায় বুনো শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা গেছে, শূকরের আক্রমণে মৃত হরিমনি উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।
তার বড়ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড় থেকে জুমক্ষেতের ধান আনতে যান হরিমনি ত্রিপুরা। এসময় পাহাড়ের ওপর দিক থেকে হঠাৎ বুনো শূকরের পাল তাকে আক্রমণ করে। তখন পালিয়ে যাওয়ার সময় শূকরের পালের সামনে পড়ে যান হরিমনি। শূকরের আক্রমণে তার শরীর ক্ষত–বিক্ষত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার (আজ) তার শবদেহ সৎকার করা হবে।
এদিকে, বিষয়টি নিশ্চিত করে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এলাকায় আনলে আমাকে বিষয়টি জানানো হয়। এলাকা দুর্গম হওয়ায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছে না। তবে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাকে বিষয়টি অবহিত করেছি।










