হাটহাজারীতে নকল স্বর্ণ দেখিয়ে খালেদা বেগম (৫৫) নামে এক নারীর কাছ থেকে প্রায় পৌনে চার লাখ টাকা মূল্যের দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও আংটি হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্র।
গত রোববার বেলা দেড়টার দিকে হাটহাজারী বাজারের ত্রিবেণীর মোড়ে একটি বেকারির সামনে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে ভুক্তভোগী খালেদা বেগম হাটহাজারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি পৌরসভার আলমপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার বেলা সোয়া ১টার দিকে ওষুধ কিনতে খালেদা বেগম হাটহাজারী বাজারে আসেন। এ সময় চট্টগ্রাম–নাজিরহাট মহাসড়কের পাশে একটি বেকারির সামনে ৩০/৩২ বছর বয়সী দুই যুবক খালেদা বেগমকে স্বর্ণের (নকল) একজোড়া বালা দেখিয়ে বলেন, বিদেশ যাওয়ার জন্য খালেদার সহযোগিতায় স্বর্ণের বালা দুটি সোনার দোকানে বিক্রি করতে চায়। কোথায় সোনার দোকান আছে দেখিয়ে দিতে বলেন। বালাগুলো বিক্রিতে সহায়তা করলে খালেদাও লাভবান হবেন বলে জানান দুই যুবক। এ সময় ঘটনাস্থলে আসেন প্রতারক চক্রের আরও দুই সদস্য। এরপর খালেদা বেগম প্রতারকদের উদ্দেশ্যে বলেন, সোনার দোকানে যান। আমার কাছে আসছেন কেন? এ সময় তার (খালেদা) গলায় পরিহিত স্বর্ণের চেইন ও আংটির বিনিময়ে বালা দুটি নেওয়ার প্রস্তাব করেন প্রতারকরা। একপর্যায়ে তাদের ফাদে পড়ে যান খালেদা বেগম। কৌশলে খালেদা বেগমের গলায় পরিহিত আসল স্বর্ণের চেইন ও আংটি হাতিয়ে নিতে তাকে হাটহাজারী থানা সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের শৌচাগারের সামনে নিয়ে যায় প্রতারক চক্র। এরপর নকল বালা দুটি খালেদা বেগমের হাতে দিয়ে তার গলায় পরিহিত দেড়ভরি ওজনের আসল স্বর্ণের চেইন ও আংটি হাতিয়ে নিয়ে সরে পড়ে।
হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রতারকদের শনাক্ত করার চেষ্টা চলছে।












