জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করায় চট্টগ্রাম–৯ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম–৯ আসনে বিজয়ী প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চট্টগ্রাম–৯ আসনের ভোটার, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সর্বসাধারণ যারা বিপুল ভোটে বিজয়ী করে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা এই আসনে অন্যান্য দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন– যাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদেরকেও অভিনন্দন জানাই। নির্বাচন পরিচালনায় যারা অনন্য ভূমিকা রেখেছেন– বিশেষ করে রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীসহ যারা নিরপেক্ষ ও নিরলসভাবে দায়িত্বপালনের মাধ্যমে জাতিকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রেস বিজ্ঞপ্তি।














