সীতাকুণ্ডে চাঞ্চল্যকর শামীম হত্যা মামলার অন্যতম আসামি মো. সোহেলকে ((২৬) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব–৭ জানায়, সীতকুণ্ড পৌরসভাধীন দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা কৃষক আলমগীর হোসেন শামীমের সাথে সোহেলের টাকা পয়সার লেনদেন বিষয়ে কয়েকবার ঝগড়াও হয়। এমনকি শামীমকে হুমকি–ধমকি প্রদান সহ মারধর করা হয়। গত ৮ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে কৃষক শামীমকে তার পাওনা টাকা ফেরৎ দিবে বলে মোবাইলে ফোন করে মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখীল হাবিব রোডের পশ্চিম পার্শ্বে নিয়ে যায় সোহেল। সেখানে সোহেল ও তার সাথে থাকা অজ্ঞাতনামা কয়েকজন মিলে পূর্বপরিকল্পিতভাবে চায়নিজ কুড়াল, চুরি, চাপাতি, রামদা এবং লোহার পাইপ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে পায়ের রগ কেটে দিয়ে শামীমের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ১০জনকে এজাহারনামীয় এবং ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে চট্টগ্রাম র্যাব–৭, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজদারি এবং ছায়া তদন্ত শুরু করে। এরই ভিত্তিতে গত ১৪ এপ্রিল রাত ৮টার দিকে র্যাব–৭, রাঙ্গুনিয়া থানাধীন লিচু বাগান এলাকায় অভিযান চালিয়ে
পলাতক আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করে। সোহেল মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখিল গ্রামের আবুল হাসেমের ছেলে এবং মামলার ৫ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি। তাকে সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।












