খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সত্যতা পেয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। গতকাল বুধবার দুপুরে উপজেলার খাড়িছড়া, এয়াতলংপাড়া, মরাডলু, লেমুয়া, তিনটহরী ও বড়ডলু এলাকা সরেজমিনে পরিদর্শনকালে কমিটি এই প্রমাণ পায়।
তদন্ত কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন পরিদর্শন শেষে বলেন, এসব পাহাড় কাটার বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আইনি পদক্ষেপ নিয়েছে। যারাই পাহাড় কাটা কিংবা পরিবেশ ধ্বংসে সম্পৃক্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত ৯ এপ্রিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সভায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মানিকছড়িতে পাহাড় কাটার খবর খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়।
পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এবং খাগড়াছড়ি কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দীন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অন্তত আটটি পাহাড় কাটার অভিযোগ ছিল। কমিটি এসব এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার বিষয়ে একমত পোষণ করেন।











