সার্কেল : তরুণদের জন্য রবির নতুন অধ্যায়

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ৯:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের তরুণদের মধ্যে অন্যতম মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করবে বলে গতকাল সোমবার ঘোষণা করেছে রবি আজিয়াটা পিএলসি। এর মধ্য দিয়ে ১৬ বছরের আস্থা, সম্পৃক্ততা ও অর্থবহ গ্রাহকসংযোগের যাত্রা নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এই বিবর্তন ব্র্যান্ডের, গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্কে কোনো পরিবর্তন আসছে না। এয়ারটেলের সকল গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন। তাঁদের বিদ্যমান ০১৬ নম্বর, সেবা, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল ও সচল থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না। এগুলো নিরাপদ ও পূর্ণাঙ্গভাবে সচল থাকবে। এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক ঐতিহ্যের শক্তিকে ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ভবিষ্যতমুখী ও প্রযুক্তিনির্ভর সুবিধার অঙ্গীকার নিয়ে আসছে সার্কেল। যা আরও সাশ্রয়ী, আধুনিক ও ডিজিটালনির্ভর সেবা দেবে গ্রাহকদের।

গতকাল সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি। অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও আমাদের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।

সার্কেল’এর ব্র্যান্ড প্রতিশ্রুতি হচ্ছে– ‘আসল সংযোগ, সবসময় সচল।’ এই প্রতিশ্রুতি তরুণদের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন। বিনোদন ও গেমিং থেকে শুরু করে কনটেন্ট তৈরি এবং প্রতিদিন তরুণেরা যেসব ডিজিটাল পরিসরে যুক্ত থাকেন, সেসব ক্ষেত্রে নির্ভরযোগ্য সংযোগ ও সমৃদ্ধ ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে ব্র্যান্ডটির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযেকোনো কর্মশালা শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম
পরবর্তী নিবন্ধপ্রশিক্ষণ শেষে বিনা মূল্যে সেলাই মেশিন পেলেন প্রশিক্ষণার্থীরা