সে মানুষটি আলোর মানুষ
ছন্দ ছড়ায় চিন্তাশীল
কথায় কথায় শব্দ গেঁথে
দিতেন ছড়ার অন্ত্যমিল।
মিল ছাড়াও অনেক ছড়া
লিখেন তিনি কৌশলে
বুঝত না কেউ পড়তে গিয়ে
কোথাও কোনো দোষ হলে।
তাঁর ছড়াতে শিল্প আছে
ব্যঞ্জনা তাই রসাত্মক
শব্দগুলোর গাঁথুনি গুন
জাদুর মতোই বশাত্মক।
সে মানুষটি ছড়ার হলেও
আড্ডাতেও খুব অতুল
‘খামখেয়ালি’ ছড়া রাজ্যের
সবার প্রিয় আমীরুল।








