কাপ্তাইয়ের রাজস্থলী সড়কের উন্নয়ন কাজে নিয়োজিত সড়ক ও জনপথ বিভাগের একটি ডাম্প ট্রাক উল্টে গভীর খাদে পড়ে যায়। এর ফলে সড়কের উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বেলা ১১টায় দিকে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ চলছিল। উন্নয়ন কাজের অংশ হিসেবে ট্রাকে করে গরম তরল বিটুমিনের সাথে নুড়ি পাথর মিশিয়ে সড়কের উপর প্রলেপ দেওয়ার কাজ চলছিল। সড়কের কারিগর পাড়া নামক স্থানে বিটুমিন বোঝাই ডাম্প ট্রাকটি অসাবধানতাবশত সড়কের নিচে খাদে পড়ে যায়। এ সময় নুড়ি পাথরসহ তরল বিটুমিন খাদে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর থেকে সড়কের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হবে।












