ফটিকছড়ির ভূজপুরে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের ‘মহোৎসব’ নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রতিবেদন প্রকাশের পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে বালুভর্তি দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে ভূজপুর থানা পুলিশ।
গত মঙ্গলবার ভূজপুর সন্দ্বীপনগর এলাকার সিংহরিয়া ও নগরবাজারে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনকালে ট্রাক দুটিকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নিয়মনীতির তোয়াক্কা না করে ফসলি জমির মাটি ও নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, তেমনি ভারী ট্রাক চলাচলের কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। গণমাধ্যমে এই অনিয়মের খবর আসার পর প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, আজাদীতে সংবাদ প্রকাশের পরপরই আমরা অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা ট্রাক দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।












