মার্চ মাসের মূল্য সংযোজন কর–ভ্যাট বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে ২৩ এপ্রিল পর্যন্ত। আইন অনুযায়ী, প্রতিমাসের ভ্যাটের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হয়। সেই সময় বাড়িয়ে গতকাল বুধবার আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআর।
আদেশে বলা হয়, পহেলা বৈশাখের ছুটি থাকায় এবং ই–ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে ‘উদ্ভুত সমস্যা নিরসনে’ সময় বাড়ানো হয়েছে। গত দুই মাসেও এভাবে সময় বাড়ায় কর আদায়কারী এ সংস্থাটি। খবর বিডিনিউজের।
রোজার ঈদের দীর্ঘ ছুটি থাকায় ফেব্রয়ারি মাসের রিটার্ন জমার দেওয়ার সময় বাড়িয়ে ২৯ মার্চ নির্ধারণ করা হয়েছিল। জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দাখিলেও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল। ওই সময় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি থাকায় জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন জমার শেষ সময় এক সপ্তাহ বাড়িয়ে ২২ ফেব্রুয়ারি করেছিল এনবিআর। সময়মত রিটার্ন দাখিল না করলে মাসিক ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।












