নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় ভিড়ের মধ্যে আসাদুল হক (২১) নামে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে ২নং গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ চলার সময় এ ঘটনা ঘটে। আসাদুল হক, একই থানার হামজারবাগ এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, দর্শকদের ভিড়ের মধ্যে ছুরিকাঘাতে আহত হওয়া আসাদুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে সম্ভবত তিনটা সেলাই করা হয়েছে। রাতেই চিকিৎসা নিয়ে ওই যুবক বাসায় চলে গেছেন। তিনি আরও বলেন, তার পায়ে ছুরিকাঘাত করা হয়েছিল। কারা ছুরিকাঘাত করেছে তা তিনি সুর্নিদিষ্ট করে কিছু বলতে পারেননি।










