ইংল্যান্ডের বিপক্ষে গোল করতে না পারলেও রেকর্ড বইয়ের পাতায় নাম লিখিয়েছেন মেসি। ব্রাজিলের পেলে, স্বদেশি দিয়েগো ম্যারাডোনার পাশাপাশি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকেও ছাড়িয়ে গেছেন তিনি। ২০২২ বিশ্বকাপ থেকে টানা ১১ ম্যাচে গোল বা এ্যাসিস্ট করেছেন মেসি। গত ৬০ বছরের মধ্যে যা সর্বোচ্চ। বিশ্বকাপের গত ৬০ বছরের রেকর্ড বিবেচনায় বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি ১০ এ্যাসিস্ট করেছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি করে এ্যাসিস্ট করেছেন পেলে ও ফ্রান্সের আঁতোয়ান গ্রিজমান। বিশ্বকাপের চলতি আসরে এমবাপ্পের সাথে যৌথভাবে সর্বোচ্চ ৮টি করে গোল করেছেন মেসি। চারটি করে এ্যাসিস্ট করে যৌথভাবে দুই নম্বরে আছেন দু’জনে। পাঁচটি এ্যাসিস্ট করে শীর্ষে আছেন ফ্রান্সের মাইকেল ওলিসে। গত ৬০ বছরে চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে একের বেশি এ্যাসিস্ট করা খেলোয়াড় হলেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে ৩৩ ম্যাচে ৩৩ গোলে অবদান রেখেছেন মেসি। এরমধ্যে ২১ গোল ও ১২ এ্যাসিস্ট ছিল। ২৫ গোলে অবদান রেখে তালিকার দ্বিতীয় স্থানে আছেন এমবাপ্পে। শেষ ৬০ বছরে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ৯৯বার গোলের সুযোগ তৈরি করেছেন মেসি। আর একবার সুযোগ তৈরি করলেই সেঞ্চুরির অনন্য নজির গড়বেন মেসি। ৭১ বার সুযোগ তৈরি করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ম্যারাডোনা। চলতি বিশ্বকাপে ২৫ বার গোলের সুযোগ তৈরি করেছেন মেসি। এক্ষেত্রে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে যেকোন আসরে সর্বোচ্চ ৩১টি করে গোলের সুযোগ তৈরি করেছেন নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ ও পর্তুগালের আন্তনিও সিমোয়েশ। ক্রুইফ ১৯৭৪ সালে এবং সিমোয়েশ ১৯৬৬ সালের বিশ্বকাপে ৩১টি করে গোলের সুযোগ তৈরি করেন। দ্বিতীয় স্থানে আছেন ম্যারাডোনা। ১৯৬৬ সালে ৩০বার গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ৮.৩৫ কিলোমিটার দূরত্ব কাভার করেছেন মেসি। এবারের আসরে অতিরিক্ত সময়ের গড়ায়নি এমন ম্যাচের মধ্যে এটাই তার সবচেয়ে বেশি দূরত্ব কভার করার ঘটনা। তৃতীয় সর্বোচ্চ বেশি বয়সী (৩৯ বছর ২১ দিন) খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেললেন মেসি। এক্ষেত্রে শীর্ষ দুইয়ে আছেন ইংল্যাান্ডের পিটার শিলটন (১৯৯০ সাল, ৪০ বছর ২৮৯ দিন) এবং ইতালির দিনো জফ (১৯৮২ সাল, ৪০ বছর ১৩০ দিন)। ব্রাজিলের মত দ্বিতীয় সর্বোচ্চ সপ্তমবার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। সবচেয়ে বেশি ৮ বার ফাইনাল খেলেছে জার্মানি।
বিশ্বকাপে টানা ১৩ ম্যাচে দুই বা তার বেশি গোল করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচে দুই বা ততোধিক গোলের রেকর্ড এটি। এর আগে ১৯৩০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত টানা ১১ বিশ্বকাপ ম্যাচে দুই বা তার বেশি গোল করেছিল উরুগুয়ে।











