ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে ব্যাপক সচেতনতা জরুরি : ডা. শাহাদাত

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ব্রেস্ট ক্যান্সার একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হলেও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের মাধ্যমে এর চিকিৎসা কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব। এ জন্য শুধু চিকিৎসক বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের মানুষকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজ মিলনায়তনে শিক্ষার্থী ও শিক্ষিকাদের অংশগ্রহণে আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস ২০২৬–এর চলমান কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী। বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আরিফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুব। আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. তানজিনা তাবাচ্ছুম নিহা, ডা. তাজরিয়ান সোলতানা, ডা. জাহিদা আকতার ও ডা. কামরুন নাহার টুম্পা। আলোচনায় ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ চেনা, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের উদ্যোগ নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেয়ার প্রতিবাদে নগরে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধসকল বামগণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে