নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় পিটুনিতে মো. আবু সিদ্দিক (৭০) নামের এক দারোয়ান নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টায় মনসুরাবাদ পশ্চিমপাড়া বাঘারবিল এলাকার একটি গ্যারেজ থেকে আবু সিদ্দিকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এই ব্যাপারে ডবলমুরিং থানার এসআই শাহজাহান জানান, সকাল ৯টায় খবর পেয়ে পুলিশ কারখানা থেকে লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত আবু সিদ্দিক মনসুরাবাদ এলাকার মকবুল আহমেদের পুত্র। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
পুলিশ জানায়, কয়েকদিন আগে মনসুরাবাদ পশ্চিমপাড়া বাঘারবিল এলাকার ওই গ্যারেজ থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া ব্যাটারি ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের চাপ দিচ্ছিলেন দারোয়ান আবু সিদ্দিক। ধারণা করা হচ্ছে, এর জেরে বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে লাশ গ্যারেজে ফেলে রেখে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











