খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন। গত ১৬ এপ্রিল দিনব্যাপী উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অফ চিটাগং পোর্ট সিটির উদ্যোগে ও চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ, সিন্দুকছড়ি জোন সদর দপ্তরের মেডিকেল অফিসারের নেতৃত্বে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা ক্যাম্পে পাহাড়ের দুর্গম এলাকা থেকে আসা প্রায় সহস্রাধিক পাহাড়ি ও বাঙালি রোগী চিকিৎসা সেবা নেন। সেবা গ্রহণের মধ্যে ছিল রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও ১৫০ জনকে চশমা বিতরণ করা হয়। চক্ষু ক্যাম্প থেকে ১০০ জন রোগী বাছাই করে লায়ন্স চক্ষু হাসপাতালে সিন্দুকছড়ি জোনের সহযোগিতায় আগামী ২৮ এপ্রিল লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। চিকিৎসা ক্যাম্পে অতিথি ছিলেন সিন্দুকছড়ি ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক ইসমাইল সামস আজিজ। তিনি আয়োজকদের সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পাহাড়ের দুর্গম অঞ্চলের অসহায়, দরিদ্র ও প্রবীণ রোগীদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। উপস্থিত ছিলেন ক্যাপ্টেন তানজিদুল ইসলাম, ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নাজিব, মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য রোটারিয়ান কুমার সুইচিং প্রু সাইন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, মুহাম্মদ সাজেদুল হক, মোহাম্মদ এমদাদূর রহমান, ডা. আবদুল কাউয়ুম, মো. জসীম উদ্দিন, কংজরী চৌধুরী, ক্যজাই কার্বারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













