সাতকানিয়ায় অবৈধভাবে আবাদি জমির মাটি কাটায় তিনটি এঙকেভেটর ও তিনটি ডাম্পার ট্রাক বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ সংলগ্ন বিল ও ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকায় এ অভিযান চালানো হয়। এছাড়া শর্ত ভঙ্গ করে আবাদি জমির মাটি কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এবং কালিয়াইশ ইউনিয়নের জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের দক্ষিণ পাশের বিলের আবাদি জমি থেকে গভীর রাতে অবৈধভাবে মাটি কাটছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান সেখানে অভিযান চালান। অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তি ও চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় দুই স্থানে ৩টি এঙকেভেটর ও ৩টি ডাম্পার ট্রাক বিকল করে দেওয়া হয়। অভিযানে অনাবাদি জমি থেকে মাটি কাটার অনুমতি নিয়ে আবাদি জমির মাটি কাটার অপরাধে উত্তর ছাদাহার মো. সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও জানান, চক্রটি গভীর রাত থেকে সকাল পর্যন্ত আবাদি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। কাউকে আটক করা সম্ভব না হওয়ায় মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি বিকল করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













