রাউজানে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:০০ পূর্বাহ্ণ

রাউজান সদর ইউনিয়নের হারিশখান পাড়ায় নিজ বাড়ি থেকে মো. এমদাদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। মৃত এমদাদ ওই এলাকার আব্দুর রহমান ফকিরের বাড়ির মৃত মহরম আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এমদাদের সংসারে স্ত্রী ও একটি ছেলেসন্তান রয়েছে। তার স্ত্রী তানিয়া আকতার জানান, ঘটনার দিন রাতে তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি। রাত ১২টা পর্যন্ত তারা একসাথেই বিছানায় ছিলেন। রাতের কোনো এক সময় এমদাদ বিছানা থেকে উঠে যান। সকালে ঘুম থেকে উঠে ঘরে তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন তানিয়া। একপর্যায়ে রান্নাঘরে এমদাদের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি।

তবে এমদাদ কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তার মা ও স্ত্রী সুনির্দিষ্ট কোনো ধারণা দিতে পারেননি। স্থানীয় বাসিন্দারা জানান, এমদাদ মাঝেমধ্যেই মাদক সেবন করে ঘরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন কারণে ঝগড়াঝাটি করতেন।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধচোখে মলম, তারপর শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাই
পরবর্তী নিবন্ধনবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত সিভাসু ক্যাম্পাস