ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে স্কুলে যাওয়ার পথে সিএনজি টেক্সিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা। ভুক্তভোগীর দাবি, যাত্রীবেশী কয়েকজন ব্যক্তি তার চোখে মলম লাগিয়ে ভয়ভীতি দেখিয়ে গলার স্বর্ণের হার, কানের দুল, হাতের আঙুলের আংটি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে স্কুল থেকে প্রায় চার কিলোমিটার দূরে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
গত রোববার সকাল ১০টার দিকে মীরসরাই থেকে মিঠাছড়া যাওয়ার পথে মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জোবেদা খানম মিঠাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
জোবেদা খানম জানান, প্রতিদিনের মতো সকালে স্কুলে যাওয়ার জন্য মীরসরাই সদরের অছি মিয়া ব্রিজ এলাকা থেকে একটি সিএনজি টেক্সিতে ওঠেন।
তখন সামনে দুজন ও পেছনে দুজন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পর যাত্রীবেশী ছিনতাইকারীরা তার চোখে মলম লাগিয়ে দেয়। এরপর ভয়ভীতি দেখিয়ে তার গলার স্বর্ণের হার, কানের দুল, হাতের আঙুলের আংটি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
তিনি বলেন, পরে তাকে মিঠাছড়ায় না নামিয়ে চলন্ত টেক্সি থেকে আরও প্রায় দুই কিলোমিটার দূরে মস্তাননগর বিশ্বরোড এলাকায় নামিয়ে দেওয়া হয়।
তার ধারণা, এ ঘটনায় টেক্সিচালকও জড়িত ছিল। স্থানীয় লোকজনের সহায়তায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।
পরে স্বজনরা গিয়ে তাকে নিয়ে আসেন।
জোবেদা খানম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












