রাউজানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ দৌলত (৩৩)। তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে পুলিশের একটি দল চৌধুরীহাট ঘাটকূল এলাকায় অভিযানে যায়। এ সময় দৌলতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঘর তল্লাশি করে একটি কক্ষে থাকা কাঠের আলনার পাশ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া কক্ষের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় তৈরি ছোরা উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আগে থেকেই একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে মামলা দায়েরের পর গতকালই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।











