মিলটা মিরাকল, দাবি প্রতিমন্ত্রী শাহে আলমের

দুই সন্তানের নামে ইউনিয়নের নাম

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৮:১৩ পূর্বাহ্ণ

নিজের দুই সন্তানের নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণের অভিযোগ নিয়ে সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এ মিল ‘মিরাকল’।

তার দাবি, বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম স্থানীয় প্রশাসন যাচাইবাছাই ও গণশুনানির মাধ্যমে নির্ধারণ করেছে। প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকার নতুন এ দুই ইউনিয়ন গঠনের গেজেট গত ১১ জুন প্রকাশ করা হয়। প্রতিমন্ত্রীর দুই সন্তানের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। দুই নতুন ইউনয়েনের নামের সঙ্গে এ নিয়ে মিল থাকায় সংসদে প্রশ্ন তোলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম। গতকাল সোমবার সংসদে ২০২৫২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আলোচনায় পটুয়াখালী২ আসনের এ সংসদ সদস্য অভিযোগটি করেন। পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনির অনুরোধে সংসদের ২৭৪ বিধিতে ব্যক্তিগত ব্যাখ্যা দেওয়ার সুযোগ পান শাহে আলম। খবর বিডিনিউজের।

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কয়েকটি নতুন ইউনিয়ন গঠনের সময় সৈয়দপুর ইউনিয়নের ১১টি মৌজা নিয়ে ‘সীমান্ত ইউনিয়ন’ এবং দেউলী ইউনিয়নের ৮টি মৌজা নিয়ে ‘দিগন্ত ইউনিয়ন’ গঠন করা হয়।

পাশাপাশি ‘স্বর্ণগ্রাম’ নামে আরেকটি ইউনিয়ন গঠন করা হয় এবং মোকামতলা ইউনিয়নের অবশিষ্ট অংশ নিয়ে পৌরসভা গঠনের প্রক্রিয়া চলছে। গত ১১ জুন এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়। ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ অনুযায়ী নতুন ইউনিয়নের নাম নির্ধারণের ক্ষমতা জেলা প্রশাসকের হাতে রয়েছে। আইন অনুযায়ী কোনো ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যায় না। নিজের সন্তানের নামে নামকরণের বিষয়ে ব্যাখ্যার শুরুতে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় গিয়ে আমাকে ছাঁটাই করেছে আর কি। তিনি ইউনিয়ন করার ব্যাখ্যা দিয়ে বলেন, তার নির্বাচনি এলাকা বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন দুটি আয়তনে অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক যাচাইবাছাই করে, গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী ও সোনাতলা উপজেলা সীমান্তে, সে কারণে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছে ‘সীমান্ত ইউনিয়ন’।

দেউলী ইউনিয়নের নামকরণের বিষয়ে তিনি বলেন, এটি গাইবান্ধার একদম কাছে এবং অনেক দূরবর্তী হওয়ায় স্থানীয় প্রশাসন ও জনগণের শুনানির ভিত্তিতে সেই ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’।

এরপর শফিকুলের অভিযোগের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিনি বলেছেন এই দুটি ইউনিয়ন আমার দুই সন্তানের নামে রাখা হয়েছে। আমি বলতে চাই, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় একটি ইউনিয়নের নাম আছে সীমান্ত ইউনিয়ন। ফেনী জেলায় রয়েছে সীমান্ত বাজার ও সীমান্ত বন্দর। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রয়েছে সীমান্ত বাজার। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় রয়েছে সীমান্ত বন্দর।

সন্তানদের নামের সঙ্গে মিলের প্রসঙ্গে শাহে আলম বলেন, মিরাকল হচ্ছে, আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। কিন্তু আমার সন্তানদের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি ইচ্ছা থাকত সন্তানের নামে করার, তাহলে প্রশাসনকে বলতাম নাম রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত। কিন্তু নামের আগে তো মীর নাই। এ সময় সংসদে হাসির রোল ওঠে।

পূর্ববর্তী নিবন্ধট্রেনের টিকিটে ৩ মাসে ৭৮১০ সন্দেহজনক অ্যাকাউন্ট বন্ধ
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার