ইসলামী ব্যাংক বাংলাদেশকে আরও ২৫০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের দিনও সমপরিমাণ অর্থ পেয়েছিল সমপ্রতি তারল্য সংকটে পড়া ব্যাংকটি। পর্ষদ বাতিল করে তা দেখভালে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার পরদিন গতকাল সোমবার নতুন করে ব্যাংকটিকে এ অর্থ দেওয়ার তথ্য দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। খবর বিডিনিউজের।
ঈদের আগে নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার পর একদল ব্যক্তির আন্দোলনের জেরে আবার আলোচনায় আসে ইসলামী ব্যাংক। এর মধ্যে ব্যাংকটি থেকে বড় অঙ্কের আমানত তোলার খবরের মধ্যে সংসদে সরকারি ও বিরোধী দলের এ নিয়ে পাল্টাপাল্টি বিতর্কও হয়। এমন ঘটনাপ্রবাহের মধ্যে তারল্য সংকটের তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক। এখন দুই দফায় ৫০০০ কোটি টাকা পেল ব্যাংকটি।
ইসলামী ব্যাংক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেছেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তিনি।












