বয়ানের নাটক ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ গত শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হয়েছে। খ্যাতিমান নাট্যকার প্রয়াত মমতাজউদদীন আহমদের আলোচিত নাটক ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার ও নির্দেশক সায়েম উদ্দীন। ক্ষমতা, বিদ্রোহ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষার এক জটিল আখ্যান এই নাটক। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের সাথে সংলাপ স্থাপন করা নাটকটির ৪র্থ ও ৫ম মঞ্চায়ন হয় ওইদিন বিকাল সাড়ে ৫টা ও সন্ধ্যা সোয়া ৭টায়। নির্দেশক সায়েম উদ্দীন বলেন, এই নাটকের বক্তব্য, সংলাপ, অভিনয় এমনকি পোশাকও বর্তমান বাস্তবতায় প্রাসঙ্গিক। এটা আমাদের সময়ের, আমাদের সমাজেরই আলাপ। এটি একটি মনস্তাত্ত্বিক দ্রোহের আখ্যান। দর্শক না থাকলে নাটকও পাথর–এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি। দর্শকের সাড়াও পাচ্ছি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্তা সাহা, প্রিয়ন্তী, প্রান্ত ভৌমিক, মনিরুল মান্নান, পার্থ সারথি দে, রানা দে, জহির ইসলাম মামুন, পলক বড়ুয়া, সাজু বড়ুয়া ও সায়েম উদ্দীন। আলোক প্রক্ষেপণ ও আবহ সংগীতে বড়ুয়া সীমান্ত ও ফারহানা আকতার। প্রযোজনা অধিকর্তা সাজু বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












