চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণের কারিগর। তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ায় সফলতা অর্জন করতে হলে সাধনা, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টার বিকল্প নেই। প্রত্যেক শিশুর মধ্যেই রয়েছে সম্ভাবনা। সেই সম্ভাবনাকে যথাযথভাবে মূল্যায়ন ও বিকশিত করা গেলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে।
শিশুদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে শাহওয়ালী উল্লাহ আইডিয়াল মাদরাসা অ্যান্ড গ্রামার স্কুলের দুই যুগপূর্তি উপলক্ষে আয়োজিত সিরাত ও মিলাদুন্নবী (সা.) মাহফিল এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক মাওলানা আনোয়ার হোসেন রব্বানীর পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব শায়খুল হাদিস মুসা বিন ইজহার। বিশেষ অতিথি ছিলেন নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের আমির শায়খুল হাদিস মাওলানা জিয়াউল হোসাইন। বক্তব্য দেন, মাওলানা নূরুল আমিন মেহদী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ মাওলানা মনজুর কাদের, ক্বারী ফজলুল করিম জিহাদী, খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, মুহতামিম মাওলানা মাহমুদুল হক, মাওলানা আনোয়ার শাহ চৌধুরী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা ইরফান হালিম প্রমুখ। শেষপর্বে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












