চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ পাহাড়ি বনাঞ্চল একসময় বন্যহাতির জন্য ছিল একটি অবিচ্ছিন্ন বিচরণভূমি। খাবার ও পানির সন্ধানে হাতির পাল এক বন থেকে আরেক বনে, এমনকি সীমান্ত পেরিয়ে মিয়ানমারের পাহাড়ি বনাঞ্চলেও যাতায়াত করত। প্রজন্মের পর প্রজন্ম হাতির ব্যবহৃত এসব পথই পরিচিত হাতির করিডোর হিসেবে। কিন্তু গত কয়েক দশকে সেই বিচরণভূমি বদলে গেছে। বনভূমির মধ্যে বসতি, কৃষিজমি, সড়ক, রেললাইন, স্থাপনা, পর্যটন ও অন্যান্য অবকাঠামো গড়ে উঠেছে। সীমান্ত এলাকায় যুক্ত হয়েছে কাঁটাতারের বেড়া ও স্থলমাইনের ঝুঁকি। ফলে একের পর এক বিচ্ছিন্ন হচ্ছে হাতির চলাচলের প্রাকৃতিক পথ। এর ভয়াবহ প্রতিফলন দেখা যাচ্ছে হাতির মৃত্যুর পরিসংখ্যানে। গত এক দশকে চট্টগ্রাম, কঙবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মানবসৃষ্ট কারণে ৩৭টি হাতির অস্বাভাবিক মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এক দশকে ১২৭ হাতির মৃত্যু, মানবসৃষ্ট কারণে ৩৭ : বন বিভাগের হিসাব অনুযায়ী, ২০১৬ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন বনাঞ্চলে ১২৭টি বন্যহাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৭টি মৃত্যু পেছনে সরাসরি মানবসৃষ্ট কারণ চিহ্নিত করা হয়েছে। এসব হাতির মধ্যে ২৪টি বিদ্যুৎস্পৃষ্টে, ৯টি গুলিতে, ২টি অবৈধ শিকারের ঘটনায় ও ২টি মাইন বিস্ফোরণে মারা গেছে। বন বিভাগের বছরভিত্তিক হিসাবে, ২০১৬ সালে ৭টি, ২০১৭ সালে ১১টি, ২০১৮ সালে ৭টি, ২০১৯ সালে ১১টি, ২০২০ সালে ২০টি, ২০২১ সালে ১৭টি, ২০২২ সালে ৬টি, ২০২৩ সালে ১২টি, ২০২৪ সালে ১২টি এবং ২০২৫ সালে ১৯টি হাতির মৃত্যুর তথ্য রয়েছে। ২০২৬ সালের জুন পর্যন্ত মারা গেছে আরও ৫টি হাতি। এর মধ্যে ২০২০ ও ২০২৫ সালে মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। বন বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি হাতির মৃত্যু হয়েছে কঙবাজার উত্তর বন বিভাগে ৩৫টি। এরপর চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে ৩২টি, ককাসবাজার দক্ষিণ বন বিভাগে ২৬টি, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে ১৬টি ও লামা বন বিভাগে ৮টি হাতির মৃত্যু হয়েছে। এছাড়া কাপ্তাইয়ের পালংখালী বাগান বিভাগে ৪টি, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগে ৩টি, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে ২টি এবং বান্দরবান বন বিভাগে ১টি হাতির মৃত্যুর তথ্য রয়েছে।
মানবসৃষ্ট কারণে মৃত্যুর শীর্ষে বিদ্যুতের ফাঁদ : অস্বাভাবিক বা মানবসৃষ্ট কারণে হাতির মৃত্যুর বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে ১৩টি। এর মধ্যে ১২টি বিদ্যুৎস্পৃষ্টে ও একটি অবৈধ শিকারের ঘটনায় মারা গেছে। কঙবাজার উত্তর বন বিভাগে ১০টি হাতির মৃত্যু হয়েছে। এরমধ্যে ২টি বিদ্যুৎস্পৃষ্টে ও ৮টি গুলিতে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগে ৮টি হাতির মৃত্যুর মধ্যে ৬টি বিদ্যুৎস্পৃষ্টে, একটি গুলিতে ও একটি অবৈধ শিকারের ঘটনায় ঘটেছে। লামা বন বিভাগে ৪টি হাতির মৃত্যু হয়েছে। এরমধ্যে ২টি বিদ্যুৎস্পৃষ্টে ও ২টি মাইন বিস্ফোরণে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে বিদ্যুৎস্পৃষ্টে একটি ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আওতায় একটি হাতির মৃত্যুর তথ্য রয়েছে। এই হিসাব বলছে, হাতির মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে বড় মানবসৃষ্ট ঝুঁকি বিদ্যুৎ। মোট ৩৭টি অস্বাভাবিক মৃত্যুর মধ্যে ২৪টিই বিদ্যুৎস্পষ্টে প্রায় দুই–তৃতীয়াংশ। পাশাপাশি গুলি, অবৈধ শিকার ও মাইন বিস্ফোরণও হাতির প্রাণহানির কারণ হয়ে উঠেছে। এছাড়া গত ১৮ নভেম্বর কঙবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শিলখালী রেঞ্জের বনাঞ্চলে একটি বন্যহাতির শরীরের বিভিন্নস্থানে ৮টি গুলির ক্ষতচিহ্ন পান চিকিৎসক দল। কে বা কারা হাতিটিকে গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বন বিভাগ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।
১২ করিডোরে যুক্ত হাতির বিচরণভূমি : চট্টগ্রাম, কঙবাজার ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল হাতির প্রাচীন চলাচলের পথ বা করিডোরের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের গবেষণার ভিত্তিতে এই অঞ্চলে হাতির চলাচলের ১২টি গুরুত্বপূর্ণ করিডোর চিহ্নিত ও গেজেটভুক্ত করা হয়েছে। এসব করিডোর পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম দক্ষিণ, কঙবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের বিভিন্ন বনাঞ্চলকে পরস্পরের সাথে যুক্ত করেছে। করিডোরগুলো হলো উখিয়া– ঘুমধুম, তুলাবাগান–পানেরছড়া, নাইক্ষ্যংছড়ি– রাজারকুল, ভোমারিয়াঘোনা– রাজঘাট, তুলাতলী– ঈদগড়, খুটাখালী–মেধাকচ্ছপিয়া, ফাঁসিয়াখালী– চকরিয়া, ফাঁসিয়াখালী– মানিকপুর, চুনতি– সাতগড়, লালুটিয়া–বরদুয়ারা, সুখবিলাস– কোদালা ও নারিচ্ছ্যা– কোদালা। এসব করিডোর শুধু হাতির চলাচলের পথ নয়; খাদ্য ও পানির সন্ধান, মৌসুমি বিচরণ এবং বিভিন্ন বনাঞ্চলের হাতির পালগুলোর মধ্যে সংযোগ রক্ষার মাধ্যম। একটি করিডোর বন্ধ হয়ে গেলে শুধু একটি পথ হারায় না, বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে পুরো একটি হাতির পাল ও তার আবাসভূমি।
কাঁটাতারে রুদ্ধ হাতির পথ, মাইনে মৃত্যুঝুঁকি : চট্টগ্রাম–কঙবাজার ও পার্বত্য এলাকার সাথে মিয়ানমার সীমান্তবর্তী বনভূমি ছিল হাতির আন্তঃদেশীয় চলাচলের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মিয়ানমার সীমান্তের কাঁটাতারের বেড়া ও অন্যান্য প্রতিবন্ধকতা হাতির স্বাভাবিক চলাচলে বাধা তৈরি করছে। এরসাথে যুক্ত হয়েছে স্থলমাইনের ঝুঁকি। মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে হাতি মৃত্যুর ঘটনা নথিভুক্ত রয়েছে। মানবসৃষ্ট কারণে হাতির মৃত্যুর সমষ্টিগত হিসাবেও মাইন বিস্ফোরণে দুটি হাতির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ফলে একসময় যে সীমান্তপথ ছিল এক বন থেকে অন্য বনে হাতির চলাচলের প্রাকৃতিক সংযোগ, তার কিছু অংশ এখন বাধা ও মৃত্যুঝুঁকির এলাকায় পরিণত হয়েছে।
চুনতি–সাতগড় করিডোর হাতির প্রাণরেখা : হাতির বৃহত্তর বিচরণভূমির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চুনতি–সাতগড় করিডোর। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের গবেষণায় করিডোরটিকে গুরুত্বপূর্ণ হাতি চলাচলের পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৭৭ কিলোমিটার এবং প্রস্থ ৫৭০ মিটার। কঙবাজার উত্তর, লামা, চট্টগ্রাম দক্ষিণ ও বান্দরবান বন বিভাগের হাতিরা এ পথ ব্যবহার করে। গবেষণাভিত্তিক এক প্রতিবেদনে এই করিডোর দিয়ে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কঙবাজারের বনাঞ্চলের প্রায় ১১৯টি হাতির চলাচলের তথ্য উঠে এসেছে। কিন্তু কৃষিজমি, পোল্ট্রি খামার, বসতি ও অন্যান্য মানবিক কর্মকান্ডের চাপের পাশাপাশি মহাসড়ক ও রেলপথও করিডোরটির জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এখনো কেন তুলনামূলক নিরাপদ : চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য প্রায় ৭ হাজার ৭৬৪ হেক্টর আয়তনের একটি বড় সংরক্ষিত বনভূমি। পাহাড়ি ভূপ্রকৃতি, প্রাকৃতিক খাদ্য ও পানির উৎস এবং আশপাশের বনাঞ্চলের সাথে সংযোগ। এসব কারণে এটি এখনো হাতির জন্য তুলনামূলক অনুকূল আবাসস্থল। তবে সংলগ্ন বনাঞ্চলগুলোতে হাতির আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। গবেষণায় চুনতিকে এশীয় হাতির গুরুত্বপূর্ণ আবাস ও প্রজননক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। চুনতি– সাতগড়সহ আশপাশের বনাঞ্চলের সাথে সংযোগ হাতির খাদ্য সংগ্রহ, চলাচল ও বংশবিস্তারের সুযোগ ধরে রেখেছে। তবে চুনতি অভয়ারণ্য ঝুঁকিমুক্ত নয়। সড়ক, রেলপথ, বসতি, ব্যক্তিমালিকানাধীন কৃষিজমি ও অন্যান্য মানবিক কর্মকান্ডের চাপ বাড়ছে। ফলে চুনতিকে নিরাপদ রাখতে হলে শুধু অভয়ারণ্যের ভেতরের বন নয়, এরসাথে যুক্ত করিডোর ও পার্শ্ববর্তী বনাঞ্চলও রক্ষা করতে হবে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, দক্ষ ও আন্তরিক ব্যবস্থাপনার কারণে অভয়ারণ্যের ভেতরে হাতিরা তুলনামূলকভাবে নিরাপদে চলাচল করতে পারে। অভয়ারণ্যের ভেতরে ব্যক্তিমালিকানাধীন জমিতে মানুষ চাষাবাদ করলেও হাতির কোনো ক্ষতি করে না। হাতির কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে যথাসময়ে ক্ষতিপূরণ দেওয়া হয়। স্থানীয় মানুষের সহযোগিতা ও বন বিভাগের ব্যবস্থাপনা হাতি–মানুষের সহাবস্থান বজায় রাখতে ভূমিকা রাখছে। ফলে অভয়ারণ্য এলাকায় হাতিসহ বন্যপ্রাণীরা অন্যান্য বনাঞ্চলের চেয়ে তুলনামূলক নিরাপদে রয়েছে।
প্রশাসনিক ব্যবস্থাপনাতেও সমন্বয় দরকার : হাতির বিচরণভূমি প্রশাসনিক সীমানায় আটকে থাকে না। চুনতি থেকে সাতগড়, বাঁশখালী, ফাঁসিয়াখালী কিংবা পার্বত্য চট্টগ্রামের দিকে একটি হাতির পাল চলে যেতে পারে। অথচ এসব গুরুত্বপূর্ণ বনাঞ্চলের ব্যবস্থাপনা ভিন্ন ভিন্ন প্রশাসনিক কাঠামোর আওতায় রয়েছে। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য, ডুলাহাজারা সাফারি পার্ক ও বাঁশখালী ইকোপার্ক বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আওতাধীন। একই বৃহত্তর বিচরণভূমির আরও অনেক গুরুত্বপূর্ণ বনাঞ্চল বিভিন্ন বন বিভাগের ব্যবস্থাপনায় রয়েছে। তাই হাতি সংরক্ষণে অন্যান্য সকল বন বিভাগের মধ্যে সমন্বিত ব্যবস্থাপনা জরুরি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ জানান, হাতির আবাসস্থল রক্ষা ও উন্নয়ন এবং হাতি–মানুষের দ্বন্দ্ব নিরসনে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে যেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, অন্যান্য বন বিভাগে তেমন উদ্যোগ দেখা যায় না। হাতির কারণে ক্ষতিগ্রস্ত মানুষকে যথাসময়ে ক্ষতিপূরণ দেওয়া, হাতি সংক্রান্ত অপরাধের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল সুরক্ষায় বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে। প্রায়ই দেখা যায়, বন ও বন্যপ্রাণী রক্ষায় বিভিন্ন পর্যায়ের মানুষের সচেতনতার অভাব রয়েছে। জনসাধারণকে সচেতন করতে নিয়মিত প্রচার–প্রচারণা ও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তাই শুধু লোকদেখানো জনসচেতনতামূলক কর্মসূচি পালন নয়, নিজেদের কাজে, আচরণেও সচেতনতার প্রতিফলন ঘটানো প্রয়োজন।










