উচ্চশিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ২০ নভেম্বর ২০২৬ ইং তারিখে ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়ন( EURAS ) এবং সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঢাকায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের পক্ষে সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মোস্তফা আইদিন এবং সাউদার্ন ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টের সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা আয়োজনের বিষয়ে একযোগে কাজ করবে। এছাড়া শিক্ষা ও গবেষণা উপকরণ বিনিময়, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তরে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোও এর অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি যৌথ ও দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম চালু, পাঠ্যক্রম উন্নয়ন, ডিজিটাল শিক্ষা এবং উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করা হবে।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়ন ( EURAS ) উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক অলাভজনক নেটওয়ার্ক। ইউরোপ, এশিয়া ও ইউরেশীয় অঞ্চলের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণে সংগঠনটি কাজ করে আসছে।











