ঝড়ে বিদ্যুৎ চলে গেছে। মোমের আলোয় মেঝেতে বসে বালিশের ওপর ল্যাপটপ রেখে খেলছে আট বছরের তামিজ অমুধন। ব্যাটারি দ্রুত ফুরিয়ে আসছে। প্রতিপক্ষ তখন বিশ্বের সাত নম্বর খেলোয়াড়, জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমার। শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে জিতে যায় দক্ষিণ ভারতের এই ছোট্ট ছেলেটি।
এমন সুযোগ হয়তো তামিজের কখনো আসত না, যদি দুই বছর আগে তার বাবা-মা একটি বড় সিদ্ধান্ত না নিতেন। ২০২৪ সালে তাঁরা নিজেদের শহরের স্থিতিশীল জীবন ছেড়ে তামিলনাড়ুর ছোট শহর শিবাকাশিতে চলে যান। ভারতের দাবা-জোয়ারের কেন্দ্র এখন এই শহর। ছেলে একদিন বিশ্বের সেরা দাবাড়ু হবে, এই স্বপ্নকে ঘিরেই তাঁরা জীবন নতুন করে সাজিয়েছেন।
শিবাকাশির হাতসুন চেস অ্যাকাডেমিতে ভর্তি হয়েছে তামিজ। অ্যাকাডেমির প্রধান কোচ বিষ্ণু প্রসন্না বলেন, দাবার ছকের ওপর ছেলেটির সহজাত বোঝাপড়া আছে, যা শেখানো খুব কঠিন। তাঁর ভাষ্য, দীর্ঘ চালের জ্যামিতি দেখতে পাওয়ার এক বিরল প্রবণতা তার আছে।
বিশ্ব দাবার নতুন কেন্দ্র শিবাকাশি
কেবল তামিজ নয়, শিবাকাশি যেন দাবাড়ু তৈরির কারখানা। দাবার বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ দোম্মারাজুর শৈশবের কোচ বিষ্ণু প্রসন্নাই এখন এই অ্যাকাডেমির প্রধান। ২০২৪ সালে চীনের ডিং লিরেনকে হারিয়ে মাত্র ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হন গুকেশ। আগামী মঙ্গলবার, ২৪ নভেম্বর জেনেভায় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা রক্ষার লড়াইয়ে নামছেন তিনি।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমানে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নরওয়ের ম্যাগনাস কার্লসেন বলেছেন, ভারতকে বিশ্বের সেরা দাবার দেশ বলায় তিনি অবাক নন। তাঁর মতে, তরুণ খেলোয়াড় ও দর্শক, দুই ক্ষেত্রেই ভারতের সংখ্যা সবচেয়ে বেশি। আগামী দিনে পরিস্থিতি আরও ভালো হবে বলে তিনি মনে করেন।
আতশবাজির শহরে দাবার স্কুল
ভারতের প্রায় ৯০ শতাংশ আতশবাজি তৈরি হয় শিবাকাশিতে। আকাশে বিস্ফোরণ ঘটানোর কাজে অভ্যস্ত এই শহরে এখন চলছে এক শান্ত বিপ্লব। হাতসুন চেস অ্যাকাডেমি ভারতের প্রথম আবাসিক দাবা প্রশিক্ষণকেন্দ্র। এখানে একমাত্র বিষয় দাবা। অন্য বিষয়গুলো তামিজকে বাড়িতে পড়ান তার মা।
বিষ্ণু প্রসন্না এখন আরও কম বয়স থেকেই গভীর প্রশিক্ষণের পরিবেশ গড়তে চান। তাঁর কথায়, দাবায় শীর্ষ খেলোয়াড়েরা পড়াশোনাকে পেছনে রেখেছেন।
অ্যাকাডেমিতে এখন প্রায় ৫০ শিক্ষার্থী আছে। সোম থেকে শুক্রবার তারা চাল হিসাব করার দক্ষতা শানানোর অনুশীলন করে, বারবার বিভিন্ন অবস্থান সমাধান করে এবং টুর্নামেন্টের আদলে সাজানো প্রতিযোগিতায় অংশ নেয়। ভর্তির শর্ত কঠিন। আবেদন করতে হলে নিজের বয়সভিত্তিক বিভাগে দেশের সেরা ৩০ জনের মধ্যে থাকতে হয়। এরপর এক মাসের অস্থায়ী প্রশিক্ষণ শেষে কোচেরা ঠিক করেন, কে পূর্ণ সময়ের জন্য থাকতে পারবে। অ্যাকাডেমির তথ্য অনুযায়ী মাসে ৪০টি পর্যন্ত আবেদন আসে, তবে বেশির ভাগই টিকতে পারে না।
এর মূল্যও আছে। বিহার থেকে এক হাজারের বেশি মাইল পথ পেরিয়ে শিবাকাশিতে এসেছেন ১৯ বছর বয়সী মারিয়াম ফাতিমা। গ্র্যান্ডমাস্টার হওয়াই তাঁর স্বপ্ন। তিনি বলেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে না পারার কষ্ট আছে, কিন্তু দাবায় উন্নতি করতে চাইলে এটুকু সইতেই হবে। অল্প বয়সে একটি বিষয়ে বিশেষায়িত হওয়ার কিছু অসুবিধার কথা কোচ বিষ্ণুও মানেন। তবু তিনি বলেন, তাঁরা কেবল গ্র্যান্ডমাস্টার নয়, ব্যক্তিত্বও গড়ছেন। এটিকে তিনি ঝুঁকির চেয়ে বিনিয়োগ মনে করেন।
প্রতিটি মহান খেলোয়াড়ের পেছনে একজন ক্লান্ত অভিভাবক
এই ত্যাগ সবচেয়ে ভালো বোঝেন বিশ্বনাথন আনন্দ। ১৯৮৮ সালে তিনি ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হন, আর ১২ বছর পর প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন। ৫৬ বছর বয়সী আনন্দ বলেন, মায়ের ত্যাগ ছাড়া এসব সম্ভব হতো না। এক টুর্নামেন্ট থেকে আরেক টুর্নামেন্টে মা তাঁর সঙ্গে গেছেন। আনন্দের ভাষায়, ভারতের প্রতিটি মহান খেলোয়াড়ের পেছনে আছেন একজন ক্লান্ত অভিভাবক।
তামিজের গল্পেও তা-ই। বড় কাজিনদের খেলা দেখে দাবা শিখেছে সে। চার বছর বয়সে জেলা পর্যায়ের এক টুর্নামেন্টে খেলার জন্য বারবার অনুমতি চেয়েছিল। বাবা সতীশ প্রথমে রাজি হননি, কারণ প্রতিযোগীরা তার চেয়ে বড়। শেষে বাবা-ছেলের একটি ম্যাচ হয়। ৩২ বছর বয়সী বাবাকে হারিয়ে দেয় চার বছরের তামিজ। তারপর খেলার অনুমতি মেলে।
সেই টুর্নামেন্টের দর্শকদের মধ্যে ছিলেন এক বাস কন্ডাক্টর, যিনি দাবার কোচও। ছেলেটির মধ্যে বিশেষ কিছু দেখে তিনি বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিতে চান। টুর্নামেন্টে যাওয়ার খরচ জোগাতে পরিবারকে তখন হিমশিম খেতে হতো। ২০২৪ সালে হাতসুন অ্যাকাডেমির বৃত্তি পাওয়ায় স্বস্তি আসে। কিন্তু এক বছরের বেশি সময় পরিবারটি আলাদা থাকে। তামিজকে নিয়ে শিবাকাশিতে থাকতেন মা উমা কে, আর বাবা সতীশ তামিজের বোনকে নিয়ে প্রায় ২২০ মাইল দূরে কাল্লাকুরিচিতে। মাসে দুবার মা-ছেলে টুর্নামেন্টে যেতেন, কখনো রাত জেগে পথ পাড়ি দিয়ে। উমা বলেন, তামিজ কখনো ক্লান্তির কথা বা প্রশিক্ষণ বাদ দেওয়ার কথা বলে না। ছেলের কাছাকাছি থাকতে সতীশ অক্টোবরে পুরোনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দিয়েছেন।
দাবার জন্মভূমিতে ফেরা
ধারণা করা হয়, ষষ্ঠ শতকের ভারতে চতুরঙ্গ নামের এক খেলা থেকে দাবার উৎপত্তি। কয়েক দশক ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ছিল বড় চ্যাম্পিয়নদের উৎস। এখন খেলাটির জন্মভূমিই আবার শক্তি হিসেবে উঠে আসছে।
এ বছরের জুনে হংকংয়ে অনুষ্ঠিত বিশ্ব দলগত র্যাপিড ও ব্লিৎজ চ্যাম্পিয়নশিপেও ভারতের এই উত্থান দেখা গেছে। সেখানে র্যাপিডের ষষ্ঠ রাউন্ডে অর্জুন এরিগাইসি কার্লসেনকে হারান। আরেক পরিচিত মুখ রামেশবাবু প্রজ্ঞানন্দও খেলেছেন। এরিগাইসির দলের অধিনায়ক শ্রীনাথ নারায়ণন বলেন, ভারত কোনো টুর্নামেন্টে খেললে এখন প্রথম স্থানের নিচে থাকাকে ব্যর্থতা ধরা হয়।
দাবা ঘিরে অর্থও আসছে। ২০২৩ সালে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) ও ভারতীয় প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রা চালু করে গ্লোবাল চেস লিগ। এটি বিশ্বের প্রথম র্যাপিড দাবা লিগ, যার আদল ক্রিকেটের আইপিএলের মতো। কার্লসেনসহ শীর্ষ খেলোয়াড়েরা এতে খেলেন।
লিগের পেছনের মানুষ আনন্দ মাহিন্দ্রা বলেন, ভারতে এত প্রতিভাবান দাবাড়ু থাকা আর কাকতালীয় কোনো বিষয় নয়। তাঁর লক্ষ্য সারা ভারতে দাবার সংস্কৃতি গড়ে তোলা। লিগের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয় সেপ্টেম্বরে। চেস ডটকমে, যা দাবার বৃহত্তম অনলাইন প্ল্যাটফর্ম, সেটি আড়াই লাখ ঘণ্টারও বেশি দেখা হয়েছে।
সবকিছুতে বিশ্বের সর্বকনিষ্ঠ হতে চায় তামিজ
শিবাকাশির তিন কক্ষের সাধারণ একটি বাড়িতে এখন নয় বছর বয়সী তামিজ বাবা-মা ও ১০ বছরের বোনের সঙ্গে থাকে। বাবা-মা বলেন, দাবায় বেশি সময় যাচ্ছে বলে তাঁদের উদ্বেগ নেই, বরং গর্ব হয়। ভিডিও গেম বা টিভিতে আগ্রহ নেই তামিজের। দাবায় সে খুব আনন্দ পায়। পুরোনো শহরের বন্ধু ও স্বজনদের কথা মনে পড়ে তার। তবু সে আরও ভালো খেলতে চায়। চোখে স্বপ্ন, লক্ষ্যটাও অনেক দূরে।
তামিজের দাবার কৌশলটা কী, জানতে চাইলে সে হেসে বলে, কোনো কৌশল নেই, সে স্বাভাবিকভাবেই খেলে। প্রতিপক্ষকে দেখে ভয় পাওয়া চলবে না। লক্ষ্যের কথা জানতে চাইলে তার জবাব, সে সবকিছুতে বিশ্বের সর্বকনিষ্ঠ হতে চায়। এক বছরে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার আর দুই বছরে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলে তার বিশ্বাস।
সূত্র: সিএনএন












