ঋত্বিক ঘটকের চলচ্চিত্র, নাটক, সাহিত্য আমাদের এই অস্থির ও বিধ্বস্ত সময়ে ও সমাজে ক্রমশ আরও প্রাসঙ্গিক এবং যুগোপযোগী হয়ে উঠছে। আমরা যেন তাঁর মূল্যবোধ নিজেদের মধ্যে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারি। ঢাকায় জন্মগ্রহণ করা ঋত্বিক আজীবন জন্মভূমির প্রতি আকুলতা প্রকাশ করে গেছেন। আমরাও যেন জন্মভূমির জন্য সে আকুলতা অনুভব করতে সমর্থ হতে পারি। গত ২০ নভেম্বর চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে তৃতীয় ঋত্বিককুমার ঘটক স্মারক বক্তৃতায় মূল প্রাবন্ধিক ও অতিথিবৃন্দ তাঁদের বক্তব্য এসব আশাবাদ তুলে ধরেন। চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের যৌথভাবে আয়োজিত স্মারক বক্তৃতায় ফিল্ম ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক আরাফাতুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপ–পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী ও পরিচালক অলিভিয়ের রোঙ। এরপর ‘ঋত্বিক ঘটক : জীবন, চিন্তা ও শিল্পভাষার দার্শনিক অনুসন্ধান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি দর্শন বিভাগের প্রফেসর ড. মাছুম আহমেদ। বিস্তৃত গবেষণালব্ধ সুদীর্ঘ প্রবন্ধটি তিনি অভিসন্দর্ভ আকারে রচনা করেছেন যেটি গ্রন্থাকারে প্রকাশ করে উপস্থিত দর্শকশ্রোতাদের কাছে উপহার হিসেবে বিতরণ করা হয়। স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরী। প্রেস বিজ্ঞপ্তি।












