চা বাগানের শ্রমিকদের বেতন ছিনতাই ঘটনায় গ্রেপ্তার৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার টাকা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ১:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি দুই লাখ টাকা উদ্ধারে অভিযান চলছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা সড়কে সহকারী ম্যানেজার নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশকে (৫৩) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এরপর তাঁদের কাছে থাকা শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর ভূজপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত দুইটার দিকে বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়। ১৬ অক্টোবর বিকেল চারটার দিকে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে পলাতক প্রধান আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তখন তিন হাজার টাকা উদ্ধার হয়।

তদন্তের ধারাবাহিকতায় ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমনকে (২২) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে জাবেদ নামের একজনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। জাবেদের স্ত্রী লিলু আক্তারের (২৭) দেখানো স্থান থেকে, ঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকানো একটি কালো ব্যাগ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। লিলু আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন সম্রাট (২৪), রাশেদ (২৪), আবু (২১), জিহান উদ্দীন (২৪) ও জাবেদ (৩৩)। পুলিশ জানায়, আবু ও সুমন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের নির্দেশনায় ভূজপুর থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ