চট্টগ্রামে বিচারকের সংখ্যা বৃদ্ধি ও হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি

প্রধান বিচারপতির সাথে আইনজীবী সমিতি নেতৃবৃন্দের মতবিনিময়

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বিচারাধীন মামলার সংখ্যা ৩ লাখে পৌঁছেছে। আদালত, বিচারক ও অবকাঠামাগত সংকটের কারণেই মূলত দিনদিন বিচারাধীন মামলার এ সংখ্যা বেড়ে চলেছে। এমন অবস্থায় অবকাঠামো সংকট লাঘবসহ দ্রুত সময়ের মধ্যে বিচারকের সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। গতকাল নগরীর সার্কিট হাউসে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দ এ দাবি জানান। এসময় দীর্ঘদিনের দাবি সত্ত্বেও চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন না হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়। সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র আইনজীবী সাবেক এডহক কমিটির আহ্বায়ক মকবুল কাদের চৌধুরী, সাবেক সভাপতি আবদুস সাত্তার, জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, জেলা জিপি কাশেম চৌধুরী, মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, সহসাধারণ সমপাদক মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সমপাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সমপাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সমপাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সমপাদক মো. সরোয়ার হোসাইন (লাভলু), নির্বাহী সদস্য যথাক্রমে আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মো. ইকবাল হোসেন, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহম্মদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন সাগর, দিদারুল আলম সহ বিপুল সংখ্যক আইনজীবী।

স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন আদালতের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, চট্টগ্রাম আদালতে অবকাঠামোগত সংকট এবং পর্যাপ্ত আদালতের অভাবে ৩ লক্ষাধিক মামলা নিষ্পত্তির অপেক্ষায় থেকে মামলা জট সৃষ্টি হয়েছে।

১টি মামলায় বছরে এক বা দুইবার তারিখ দেওয়া হয়। একটি আদালতের ওপর অতিরিক্ত মামলার চাপের কারণে ন্যায় বিচার পাওয়া দুরূহ হয়ে পড়েছে। তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট এবং জজের সংখ্যা বৃদ্ধি করে দ্রুত সিএমএম আদালত ভবন এবং মহানগর দায়রা জজ ভবন নির্মাণ করতে হবে। অন্যথায় বিচার ব্যবস্থা ভেঙে পড়বে। তিনি আরও বলেন, বিচারিক কাঠামোর অপরিহার্য অঙ্গ আইনজীবী সমিতি। কিন্তু এই আইনজীবীদের জন্য সরকার থেকে সুরক্ষামূলক কোনো বরাদ্দ নেই। চট্টগ্রাম বারে বর্তমানে প্রায় দশ হাজার আইনজীবী আছেন। অধিকাংশ আইনজীবী চেম্বারের অভাবে আইন পেশা পরিচালনা করতে পারছেন না। তাই আইনজীবীদের জন্য ২টি চেম্বার ভবন নির্মাণ করা অত্যন্ত জরুরি। সমিতি থেকে জানানো হয়, সমিতির সাধারণ সম্পাদক বিচারপ্রার্থী বিপুল জনগোষ্ঠীর ঢাকায় গিয়ে হাইকোর্ট থেকে ন্যায়বিচার পাওয়া ব্যয় সাধ্য ও কঠিন উল্লেখ করে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের জোর দাবি জানান। সভায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বিচার বিভাগ আর্থিকভাবে পৃথিবীর কোথাও সলভেন্ট নয়। পুরো বিচার বিভাগের বরাদ্দ দিলো ২ হাজার ৩০০ কোটি টাকার মতো। আমাদেরকে সেই আর্থিক সক্ষমতা অনুযায়ী সমস্যাসমূহ সমাধান করার চেষ্টা করতে হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার প্রধান বিচারপতি চট্টগ্রামে সফরে আসেন। তিনি গতকাল সকালে নগরীর রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক অভিভাষণ প্রদান করেন। আজ রোববার তিনি চট্টগ্রাম আদালত পরিদর্শন করবেন। পাশাপাশি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি দিকনির্দেশনামূলক অভিভাষণ প্রদান করবেন।

পূর্ববর্তী নিবন্ধদুই প্রকল্পের পানি উৎপাদন দ্বিগুণ করতে চায় ওয়াসা
পরবর্তী নিবন্ধনান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা