বাংলাদেশে তিন চ্যানেলে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

২০২৬ ফুটবল বিশ্বকাপ সমপ্রচার নিয়ে দেশের কোটি কোটি ফুটবল ভক্তের যে শঙ্কা ছিল, টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে তা অবশেষে দূর হলো। রাষ্ট্রীয় সমপ্রচার মাধ্যম বিটিভির সাথে সাথে বাংলাদেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টিস্পোর্টসের পর্দায় সরাসরি উপভোগ করা যাবে এবারের বিশ্বকাপের রোমাঞ্চকর সব লড়াই। পাশাপাশি শীর্ষস্থানীয় বেসরকারি নিউজ চ্যানেল সময় টেলিভিশনও এই সমপ্রচারের অংশীদার হয়েছে। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম (জোট) সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই সমপ্রচার স্বত্ব কিনে নিয়েছে। এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ বাংলাদেশের জন্য বিশ্বকাপের সমপ্রচার অধিকার কিনেছিল। কিন্তু দেশীয় বাজারে তারা এই স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে যায়। ফলে বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে চরম অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে বিশেষ ভূমিকা রাখেন তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তারা একসঙ্গে বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম সংস্থা এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন। এর মাধ্যমে তারা ডিজিটাল ও টেলিকম খাতের নতুন আয়ের উৎস খুঁজে বের করেন, যা আগের কোনো বিশ্বকাপের সময় ব্যবহার করা হয়নি। এই চুক্তির আওতায় দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল হিসেবে টিস্পোর্টস দর্শকদের বিশ্বকাপের উন্মাদনায় ভাসাতে পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে, সময় টেলিভিশনও সবগুলো ম্যাচ সরাসরি সমপ্রচার করবে। তবে এই সমপ্রচার প্রক্রিয়ায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভির নিজস্ব কোনো আর্থিক খরচ থাকছে না; পুরো ব্যয়ভার স্যাটেলাইট চ্যানেল ও টেলিকম অপারেটররা যৌথভাবে বহন করছে। সব মিলিয়ে, টিস্পোর্টস এবং কনসোর্টিয়ামের এই যুগান্তকারী পদক্ষেপে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশের ফুটবলপ্রেমীরা।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ক্রিকেটের ক্লাব প্রতিনিধি সভা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টিতে রিলায়েন্সের শুভ সূচনা