চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি–২০ ক্রিকেটে জয় দিয়ে যাত্রা শুরু করেছে রিলায়েন্স স্পোর্টস। তারা ৭৫ রানের হারায় চট্টগ্রাম সিটি করপোরেশন মাস্টার্স দলকে। গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে রিলায়েন্স স্পোর্টস।
উদ্বোধনী জুটিতেই ৪.৫ ওভারেই দলকে ৬০ রানের পুঁজি এনে দেন হাফিজুর রহমান হিরা ও আবুল হাশেম রাজা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৬৭ রান। দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করা বেলাল হোসাইন ২৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া হাফিজুর রহমান হিরা ৩৫, সরওয়ার আজম ৩৫ এবং আবুল হাশেম রাজা ১৮ রান যোগ করেন। সিটি কর্পোরেশন মাস্টার্সের পক্ষে মাসুম উদ দৌলা ৪ উইকেট এবং পঙ্কজ নাথ ২ উইকেট শিকার করেন। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিটি কর্পোরেশন মাস্টার্স শুরু থেকেই চাপে পড়ে।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা করতে পারে মাত্র ৯২ রান। দলের পক্ষে সাইফুদ্দিন টিটু সর্বোচ্চ ১৭, সফদার আলী ১৫ এবং ইকবাল আহমেদ ১৩ রান করেন। রিলায়েন্স স্পোর্টসের রাজীব ১৯ রানে ২ উইকেট, শহীদুল ১২ রানে ২ উইকেট এবং বেলাল হোসাইন ১১ রানে ১ উইকেট নেন।
রিলায়েন্স স্পোর্টসের বেলাল হোসাইন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ারস অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের সিনিয়র সদস্য আরফানুল ইসলাম খান লাবু। টুর্নামেন্টে আজ ৬ জুন দুটি খেলা রয়েছে। দিনের প্রথম খেলায় চিটাগাং রয়েলস ও চিটাগাং মাস্টার্স এবং দ্বিতীয় খেলায় আগ্রাবাদ মাস্টার্স ও হাক্কানি ক্রিকেট ক্লাব পরষ্পর মোকাবেলা করবে।












