দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দলের হয়ে সামর্থ্যের ছাপ রেখে এবার জাতীয় দলের দরজা খুলল আলিস আল ইসলামের জন্য। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন এই রহস্য স্পিনার। সামনের ত্রিদেশীয় সিরিজের দলে চমক এই একটিই। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্ট দিয়েই পূর্ণাঙ্গ মেয়াদে ওয়ানডে দলের নেতৃত্বের অধ্যায় শুরু করবেন লিটন কুমার দাস। চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন লিটন ও মোস্তাফিজুর রহমান। হাসান মাহমুদের সামনেও খুলেছে ফেরার দরজা। বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিন ও বাঁহাতি টপ–অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। এছাড়া পুনর্বাসনে থাকা নাহিদ রানাও নেই ত্রিদেশীয় সিরিজের দলে। তার বদলি হিসেবেই ফেরার ডাক পেয়েছেন সমপ্রতি দারুণ ছন্দে থাকা হাসান। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হয়েছিল আলিসের। তার সামনে এখন ওয়ানডে খেলারও হাতছানি। প্রথমবার এই সংস্করণের দলে সুযোগ পেয়েছেন ৩০ ছুঁইছুঁই রহস্য স্পিনার। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। আবুধাবিতে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। পরে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ২১ অক্টোবর। সব দলের দুটি করে ম্যাচের পর ২৩ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম।










