চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত দু’দিনব্যাপী চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম তায়কোয়ানডো একাডেমি। রানার আপ হয়েছে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা। অন্যদিকে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। এই ইভেন্টে যৌথভাবে রানার আপ হয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা এবং বনানী তায়কোয়ানডো ক্লাব। প্রতিযোগিতা শেষে গতকাল ১০ অক্টোবর বিকালে সিজেকেএস জিমনেসিয়ামে চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং চ্যাম্পিয়নশিপ পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদশ তায়কোয়ানডো ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য বাবুল হোসেন ও মাসুদ, সিজেকেএস এর সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সাবেক যুগ্ম–সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, সাবেক নির্বাহী কমিটির সদস্য নাসির মিঞা ও এনামুল হক, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, সরওয়ার আলম মনি, হারুন রশীদ, সিডিএফএ কাউন্সিলর আবু সৈয়দ, তায়কোয়ানডো কোচ আমির হোসেন সোহাগ, তুষার কুমার দে, আকাশ পাল, এরশাদ আহমেদ, শেকর শীল, উম্মে কুলসুম তুলি, সিজেকেএস সহ: প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ। উল্লেখ্য, চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে এবার মোট ৭টি জেলা এবং ২৯টি ক্লাবের মোট ৪৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।











