সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও পিস্তল উদ্ধারের ঘটনায় হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি–৭ এর একটি আভিযানিক দল। গতকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এসআরবি–৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার একটি কলোনিতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গত সোমবার দুপুর পৌনে ২টার দিকে সেখানে অভিযান চালায় এসআরবি–৭। অভিযানকালে সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। তার নাম মো. খোরশেদ আলম রনি (৩৫)। তিনি হাটহাজারী থানার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে।
এসআরবি–৭ জানায়, আটকের পর তল্লাশি করে তার পরিহিত জিনসের প্যান্টের ভেতর থেকে লোহার তৈরি ম্যাগাজিনবিহীন একটি পুরোনো পিস্তল উদ্ধার করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে স্টিলের তৈরি ম্যাগাজিনযুক্ত একটি পিস্তলসদৃশ বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়। এসআরবি–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, খোরশেদ আলম রনির বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সোমবার এসআরবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।












