সানরাইজ ও চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্সের জয়

আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে সানরাইজ ক্রিকেট একাডেমি এবং চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্স নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সানরাইজ ক্রিকেট একাডেমি ৩০ রানের ব্যবধানে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। গ্রুপ ‘সি’ এর এই খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার শ্রীকান্ত ৬৩,মুসলিম উদ্দিন ২৭ এবং আরভাজ খান আলভী ২১ রান করেন। চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমির ইফতেখার আহমেদ ২টি উইকেট লাভ করেন। জবাবে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমি ১৯.৫ ওভারে ১১৩ রানে অলআউট হয়। দলের পক্ষে ওপেনার মো. আবিদ ২২, আবু বক্কর ২০ এবং সৈয়দ এলমান আমিন ২০ রান করেন। সানরাইজ ক্রিকেট একাডেমির মো. মহিউদ্দিন সোহাগ ৩টি উইকেট পান। বিজয়ী দলের ম্যাচ সেরা শ্রীকান্তের হাতে পুরস্কার তুলে দেন টিম ৩৬০ সিকিউরিটিজের পরিচালক শাহাদাত মাসুদ। গ্রুপ ‘ডি’ এর খেলায় চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্স ৫৩ রানের ব্যবধানে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার মো. ইয়াহিয়া মাহির ৪৮,অধিনায়ক মেহেরাব খান ১৭, শাহাদাত হোসেন অপরাজিত ১৪ রান, মো. আব্দুল্লাহ আল আদি ১৩ এবং ইকবাল হোসেন জিসান ১২ রান করেন। সন্দ্বীপ ক্রিকেট একাডেমির জুনায়েদ হোসেন ৩টি, অতুল দাস ২টি উইকেট লাভ করেন। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ১৭.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয়। দলের পক্ষে জুনায়েদ হোসেন ৩০, সাইমুন ইসলাম আলিফ ১৯, ফয়সাল ১৩ রান করেন। চিটাগাং পোর্ট স্পোর্টস কমপ্লেক্সের হৃদওয়ান ইসলাম ৩টি, মোবারক হোসেন ২টি উইকেট পান। বিজয়ী দলের ম্যাচ সেরা মো. ইয়াহিয়া মাহিরের হাতে হাতে পুরস্কার তুলে দেন বিসিবি কাউন্সিলর এবং বিসিবি এইজ গ্রুপ কমিটির যুগ্ম সম্পাদক তাউস মো. বেনি আমিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মানবাধিকার কমিশন ফুটবলের ফাইনালে ফর্টিস এফসি
পরবর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে চট্টগ্রাম পর্বের উদ্বোধন