আফকন শিরোপা ফিরে পেল সেনেগাল

মরক্কোর আপিল খারিজ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:১৮ পূর্বাহ্ণ

মাঠের লড়াইয়ে জয়ের পরও কেড়ে নেওয়া হয়েছিল শিরোপা। তবে দীর্ঘ আইনি লড়াই শেষে আবারও আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) চ্যাম্পিয়ন হলো সেনেগাল। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) রায়ে ২০২৫ সালের টুর্নামেন্টের শিরোপা ফিরে পেয়েছে সাদিও মানেদের দল। গত জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ১–০ গোলে হারিয়েছিল সেনেগাল। তবে ম্যাচের শেষ দিকে বিতর্কিত এক পেনাল্টির সিদ্ধান্তকে ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সিদ্ধান্তের প্রতিবাদে তখনকার কোচ পাপে থিয়াওয়ের নির্দেশে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের খেলোয়াড়েরা। এতে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পরে মাঠে ফিরে খেলতে রাজি হয় সেনেগাল। মরক্কোর ব্রাহিম দিয়াজ পেনাল্টি থেকে পানেনকা শট নিলে তা দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক এদুয়ার্দ মঁদি। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৪তম মিনিটে পাপে গেয়ের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আফকন শিরোপা জয়ের আনন্দে মাতে দলটি। তবে গত মার্চে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ভিন্ন সিদ্ধান্ত দেয়। তাদের মতে, সেনেগালের খেলোয়াড়দের মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় তারা ওয়াকওভার দিয়েছে। ফলে সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে ৩–০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়। সিএএফের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন। এবার সেই আপিলের পক্ষে রায় দিয়েছে সিএএস। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, কোনো দলের আচরণের কারণে রেফারি ম্যাচ স্থায়ীভাবে পরিত্যক্ত ঘোষণা করলে ফল নির্ধারণে আফকনের নিয়ম প্রযোজ্য হয়। কিন্তু এই ম্যাচে খেলা আবার শুরু করেছিলেন রেফারি। তাই তার সিদ্ধান্তে আইনি কোনো ভুল ছিল না। সিএএসের এই রায়ের ফলে আফকনে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি ফিরে পেল সেনেগাল।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৪ ও ১৬ ক্রিকেট খেলোয়াড়দের রিপোর্টিং ২৬ ও ২৮ নভেম্বর