টানা বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সংগঠন।
পূর্ব মাদার বাড়ী ওয়ার্ড : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপির পক্ষে টানা ভারী বর্ষনে ৩০নং পূর্ব মাদার বাড়ী ওয়ার্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগর অর্থ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম চেম্বার সহ–সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন। ওয়ার্ড বিএনপির আহবায়ক আজিজুল ইসলাম বাদল ও সদস্য সচিব সৈয়দ তসলিমুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন খোরশেদ আলম খুরশিদ। উপস্থিত ছিলেন হাজী আমির আহাম্মদ, মাহবুবুল আলম মুকুল, সিরাজ মিয়া মানু, জাহেদ, রিদুয়ান আলম, মো.নাছির, কমল জ্যোতি, আবু তালিব লিটন, সাজ্জাদ সাজু, মোহাম্মদ নাজিম উদ্দীন, আব্দুল আহাদ, হাফিজ উদ্দিন সুমন প্রমুখ।

মমতা : সমপ্রতি দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মমতা’। মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতাধীন সাতকানিয়া সদর, কেরানীহাট, চকরিয়া, বান্দরবান, বাজালিয়া, বাঁশখালী, গুনাগরি, আমিরাবাদ, পদুয়া ও হারবাং শাখার মোট ১,০০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, মমতা সবসময় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের সেবাসমূহ নিয়ে কাজ করে আসছে বিগত চার দশকেরও বেশি সময়। যেকোনও প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতি ও বিপর্যয়ে মমতা সর্বদা মানুষের পাশে থাকতে সচেষ্ট। বন্যাকবলিত এসব পরিবারের পাশে সরকারি ও বেসরকারী পর্যায়ের সকলেরই এগিয়ে আসা উচিত।

বিজিএমইএ : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ’র পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবরে গতকাল বৃহস্পতিবার বন্যার্ত মানুষের সহায়তার ২০০ বস্তা ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। ত্রাণ সামগ্রী গ্রহণ করেন জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েদ কাউছার। ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সহ–সভাপতি এনামুল আজিজ চৌধুরী, পরিচালক এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন এবং বিজিএমইএ চট্টগ্রামের এনজিও বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ। এসময় চট্টগ্রাম জেলা পুলিশ ও বিজিএমইএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ গ্রহণকালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েদ কাউছার বিজিএমইএ’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চট্টগ্রাম সমিতি–ঢাকা : চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বন্যাদুর্গত ও বানভাসী প্রায় ৫ হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার, চাল, ডাল, পেঁয়াজ, সয়াবিন তেল, মিনারেল ওয়াটারসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের ‘ফুড প্যাক’ বিতরণ করেছে চট্টগ্রাম সমিতি–ঢাকা। গতকাল বৃহস্পতিবার দিনভর এসব ত্রাণ সহায়তা দেয়া হয়। সমিতির নেতৃবৃন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের মধ্যে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ৪ কেজি আলু, ১ কেজির চিরা ও ১ কেজি পেঁয়াজের ফুড প্যাক বিতরণ করা হয়। এসময় চট্টগ্রাম সমিতি ঢাকার নেতবৃন্দসহ স্থানীয় স্বেচ্ছাসেরীরা এ ত্রাণ বিতরণ কাজে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম মানসিক হসপিটাল : নাসিরাবাদ চট্টগ্রাম মানসিক হসপিটালের আয়োজনে ১৪ জুলাই চকরিয়ার বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ কলিম উল্লাহর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি কুতুবউদ্দিন হেলালি, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, মো. সিদ্দিকুর রহমান, এ এম সাইফুদ্দিন ভূঁইয়া, ডা. মোহাম্মদ নুরুল্লাহ, মোহাম্মদ ফাহিম উদ্দিন, জহিরুল আলম সাগর প্রমূখ।

মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পটিয়ার মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার দিনব্যাপী বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে শত শত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন ট্রাস্টের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা। মরহুম হাজী নুরুল হক ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক নাজমুল হক রিপন বলেন, মানবসেবাই আমাদের ট্রাস্টের মূল লক্ষ্য। দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন এলাকায় বন্যায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তাদের এই সংকটে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রান বিতরনকালে সাথে ছিলেন ট্রাস্টের সিনিয়র সদস্য ইয়াসিন ফিরু, মাসুদ, নাজিম, তানভীর, সাফিসহ ট্রাস্টের স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ : সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এসডিআই–এর উদ্যোগে চট্টগ্রামের চকরিয়া অঞ্চলের নাপোড়া শাখায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মিলন মিয়া, রিজিওনাল ম্যানেজার সালেহ আহাম্মদ টুটুলসহ বিভিন্ন শাখার ম্যানেজারবৃন্দ।
এসময় জোনাল ম্যানেজার মিলন মিয়া বলেন, “এসডিআই সবসময় মানবকল্যাণে নিয়োজিত। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান সমাজের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

গ্রিন হিলস ও ইনার হুইল ডিস্ট্রিক্ট : ইনার হুইল ক্লাব অব গ্রিন হিলসের উদ্যোগে এবং ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫–এর বিভিন্ন ক্লাবের যৌথ অংশগ্রহণে দক্ষিণ চট্টগ্রামের মাহালিয়া, বাজালিয়া ইউনিয়নের কালিয়াশ ও দোহাজারী এলাকায় বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব গ্রিন হিলসের সভাপতি ফাতেমা জোহরা, সাধারণ সম্পাদক রুম্মান আফতাব এবং ক্লাবের সদস্যবৃন্দ। আয়োজকরা জানান, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোহরা ৫ নং ওয়ার্ড বিএনপি : চট্টগ্রাম–৮ আসনের এমপি আলহাজ্ব এরশাদ উল্লাহর নির্দেশনায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য মোহরা বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকুর ব্যবস্থাপনায় শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রায় ৩০০ পরিবারকে চাল, ডাল,আলু, পিঁয়াজ, চিড়া ও অন্যান্য খাবার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আহমদ উল্লাহ, দিদারুল আলম হিরামন, শহীদ উল্লাহ চৌধুরী, জমির উদ্দিন মানিক, নুরুল আলম লিটন, মোহাম্মদ খোরশেদ আলম, মোঃ সেকান্দর, মোঃ একরাম রসুল, মোঃ সিরাজ, মোঃ সুজন, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ আজিজ, ছাবের আহমেদ, সাইফুদ্দিন মানিক, মোহাম্মদ ইলিয়াস, জাহাঙ্গীর আলম বাবলু, আনোয়ার সাদেক রুবেল, মনচুর ও খোরশেদ প্রমুখ।

ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নি ফাউন্ডেশন : দিদার মার্কেটস্থ আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত গাউছিয়া কমিটির প্রধান কার্যালয়ে ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আলী হোসেন আরিফ বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। নগদ অর্থ প্রদানকালে তিনি বলেন, বন্যার কারণে মানুষের ঘর বাড়ি, পানিতে তলিয়ে গেছে তাদের কে দেখতে যাওয়া, তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে তাদের পাশে থাকা খুব জরুরি। কারণ এটা একটা ভালো কাজ, আর ভালো কাজের প্রতিদান স্বয়ং আল্লাহ পাক নিজেই দিবেন। এসময় উপস্থিত ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ কমর উদ্দীন সবুর, আব্দুর রহিম সওদাগর, মুহাম্মদ আবু মুছা কাদেরী, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ মঞ্জুর আলম, মুহাম্মদ জাবের, এস এম নুরুল আমিন, শায়ের নুরুল্লাহ মাহির, জসিম উদ্দিন প্রমুখ।
আনোয়ারা উপজেলা প্রশাসন : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় পানিবন্দি পরিবারের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দীন। গতকাল বৃহস্পতিবার বারশত ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে আনোয়ারায় পানিবন্দী হয়ে উপজেলার রায়পুর, জুইঁদন্ডী, বারখাইন, বরুমছড়া, চাতরি, বটতলী, বারশত, পরৈকোড়া, হাইলধর, আনোয়ারা ও চাতরি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। আর এসব পানিবন্দি মানুষের পাশে মানবিক খাদ্য ও শুকনো খাবার সহায়তা নিয়ে প্রতিদিন বিভিন্ন গ্রামে বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন। এ সময় কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে ত্রান বিতরণ তদারকি ও সহায়তা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারায় বসত বাড়ি থেকে শুরু করে সড়ক যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে ২০ মেট্রিক টন চালও শুকনো খাবার বিতরণ করা হয়। আগামী দুই একদিনের মধ্যে আরো ২০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।










