ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে

তনু হত্যা

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার আদালতে হাজির করে পিবিআই। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান জানান। সকালে ঢাকার কেরাণীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানায় পিবিআই। খবর বিডিনিউজের।

আদালতের একজন কর্মকর্তা বলেন, তনু হত্যা মামলায় ১০ বছর পর চলতি বছরের ২১ এপ্রিল রাতে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর ২ আগস্ট হাই কোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। মঙ্গলবার তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বৃহস্পতিবার তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি হাফিজুর রহমানের জামিন আদেশ স্থগিত করেন এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতের আত্মসমর্পণের নির্দেশ দেন। তিনি যদি আত্মসমর্পণ না করেন তবে তাকে গ্রেপ্তারের আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই সড়কে বেপরোয়া টমটমের ধাক্কা, যুবক আহত
পরবর্তী নিবন্ধওরছে আ’লা হযরত ও মহা সুন্নি সম্মেলন ১০ আগস্ট