ইমাম আহমদ রেযা খাঁন ব্রেলভীর (রহ.) ১০৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওরছে আ’লা হযরত ও মহা সুন্নি সম্মেলন’। চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ওমর শাহ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এ মহতি ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়েছে। আওলাদে আ’লা হযরত আল্লামা মুফতি তৌছিফ রেজা খানের (মা.জি.আ.) নির্দেশক্রমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান হিসেবে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জামেয়া রজভীয়া হানিফিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা। কর্মসূচির মধ্যে রয়েছে–খতমে কোরআন, গাউসিয়া শরীফ ও মাহফিলে জিকরে মোস্তফা (সা.), মূল মাহফিল ও আলেমদের আলোচনা, মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত। মাহফিল পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ হানিফ সওদাগর রেজভী জানান, দেশবরেণ্য ইসলামিক স্কলার ও ওলামায়ে কেরামগণ এ মাহফিলে ইসলামের শান্তি, মানবতার মহব্বত, ঈমান–আকিদা এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোকপাত করবেন। প্রেস বিজ্ঞপ্তি।












