মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পরও শীর্ষস্থান ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপের মাঝপথে তাদের সরিয়ে চূড়ায় জায়গা করে নিল ফ্রান্স। কোয়ার্টার–ফাইনালের লড়াইয়ে নামার আগে শীর্ষস্থান হারানোর খবর পেল লিওনেল স্কালোনির দল। প্যারাগুয়েকে ১–০ গোলে হারানো দিদিয়ে দেশোঁমের দল সামান্য ব্যবধানে তাদের পেছনে ফেলল। ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং প্রচলনের পর শীর্ষে থাকা কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি। এই ধারা ভাঙার চ্যালেঞ্জ গত দুই আসরের ফাইনালিস্টদের সামনে। ফ্রান্সের পয়েন্ট এখন ১৯২৫.৮৬। আর্জেন্টিনার ১৯২৫.১৫। এই ছোট্ট পার্থক্য চলতি আসরেই ফের ঘুচে যেতে পারে। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে স্পেনের ড্র ও ফ্রান্সের হারে শীর্ষে ফেরে আর্জেন্টিনা। ১৯১২.৩৪ পয়েন্ট নিয়ে তিনে আছে স্পেন। তিন দলই জায়গা করে নিয়েছে কোয়ার্টার–ফাইনালে।












